![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
বগুড়ার শিবগঞ্জে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি সড়কের পাশের খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানিয়েছেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার শিকার ফিরোজা নামে ওই নারীকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর প্রতিমন্ত্রী আব্দুল বারী সুস্থ আছেন।
পুলিশ ও স্থানীয়রা বলছে, শুক্রবার সকালে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে তার নিজ সংসদীয় নির্বাচনি এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে যাচ্ছিলেন।
পথে গোপিনাথপুর এলাকায় হঠাৎ গাড়িবহরের সামনে ফিরোজা নামে এক বৃদ্ধা পথচারী চলে আসেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমির খাদে পড়ে যায়।
ওসি শাহিনুজ্জামান বলেন, দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী ‘সামান্য’ আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা তার স্ত্রী সুস্থ আছেন।
দুর্ঘটনার পরপরই প্রতিমন্ত্রী ও তার স্ত্রী অন্য একটি গাড়িতে করে জয়পুরহাটের গন্তব্যে রওনা হন বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, এ দুর্ঘটনায় আহত নারীর আঘাত ‘গুরুতর নয়’ বলে জানা গেছে। আর দুর্ঘটনাকবলিত গাড়িটি রেকার দিয়ে তোলার ব্যবস্থা করা হচ্ছে।