সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ২২ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চাঁদাবাজ-মাদককারবারিদের বিরুদ্ধে কড়া নির্দেশ, পুলিশ জড়িত থাকলেও ব্যবস্থা

ডেইলি সিলেট ডেস্ক ::

সময়সীমা বেঁধে না দিলেও চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের ‘অতি শিগগিরই’ গ্রেপ্তারের নির্দেশনা দেওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, “এটি করতে যারা ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সেখানকার নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানকে শনিবার দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী।

গেল ১৭ অগাস্ট ঢাকার শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে অটোরিকশায় ওঠার পর রাত ১১টার দিকে হামলার শিকার হন ৫৫ বছর বয়সি চিকিৎসক আসাদুর রহমান।

তার মাথায়, মুখে, চোখে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখানেই তার চিকিৎসা চলছে।

শনিবার বিকালে তাকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, ঘটনাটি ঘটেছে চাঁদাবাজিকে কেন্দ্র করে।

“একটা সংঘবদ্ধ চক্র দুর্বৃত্তরা এরকম ‘হাই ভ্যালু টার্গেট’ করে, যারা বড় বড় হাসপাতাল এবং বড় বড় ডাক্তার বা অন্যান্য পেশায় বড় পেশাজীবী তাদেরকে ‘টার্গেট’ করে। ভয়ভীতি প্রদর্শন করে মেসেজ দিয়ে এবং সর্বশেষে আঘাত করে তাদের কাছ থেকে চাঁদাবাজির একটা উদ্দেশ্য ছিল।”

ঘটনার দুদিনের মধ্যে ওই সংঘবদ্ধ চক্রের ৭ সদস্যের মধ্যে ৪ জনকে ‘সফলভাবে গ্রেপ্তার’ করার তথ্য দিয়েছেন তিনি।

লক্ষ্মীপুর, যাত্রাবাড়ী ও বাড্ডা থেকে তিনজনকে এবং আরেকজনকে ঘটনাস্থল থেকে ঘটনার দিনই গ্রেপ্তার করা হয়।

মন্ত্রী বলেন, “আমি পুলিশের প্রশংসা করি, কিন্তু পুলিশের আরও কাজ করা বাকি আছে। আমরা এই সমস্ত সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র যা আছে, এগুলো সবগুলোকে নির্মূল করতে চাই।

“আজকে একটা ‘ইন্সট্রাকশন’ দিয়েছি, বিশেষ করে মহানগর এলাকায় যারা এরকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী; তাদেরকে অতি শিগগিরই…আমি ‘টাইম লিমিট’ দিচ্ছি না, অতি শিগগিরই তাদেরকে যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এ চক্রের তৎপরতা সরকারকে অস্থীতিশীল করতে কি-না, জানতে চাইলে তিনি বলেন, “না, এর পেছনে এইগুলো নাই। এই চাঁদাবাজরা রাতারাতি কোটিপতি হতে চায় হয়তোবা। এগুলাই তাদের উদ্দেশ্য এবং তারা বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসী, দাগী আসামি এবং যেগুলো ‘গডফাদার’ আছে তাদের নামও ব্যবহার করে।”

৪৮ ঘণ্টার মধ্যে হামলার ‘হোতা’কে আটক করতে পারায় পুলিশের প্রশংসা করেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “সে (আটক ব্যক্তি) বিদেশে ছিল, জানা গেছে হুন্ডি ব্যবসা করতো। সে লস দিয়েছে, জিজ্ঞাসাবাদে জানালো। এই প্রক্রিয়ায় কিছু সন্ত্রাসীদেরকে একত্রিত করে সে এই সংগঠনটা করেছে। যাতে এই প্রক্রিয়ায় যারা বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি, ভালো পেশাজীবী, বড় বড় ডাক্তার-ইঞ্জিনিয়ার তাদেরকে ‘টার্গেট’ করে এই সংগঠনটা করেছিল। তা আমি মনে করি এগুলো নির্মূল হয়ে যাবে।”

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি শুধু চাঁদাবাজদের তালিকা করছি না, চাঁদাবাজদের সাথে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে, তাদের তালিকাও করছি।”

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠান বন্ধ করতে ‘বাধ্য হওয়া’, কিশোরগঞ্জে চিঠি দিয়ে কনসার্ট বাতিল কিংবা বিভিন্নস্থানে অনুষ্ঠানে হামলা এবং বন্ধ করতে ‘বাধ্য হওয়ার’ বিষয়ে পুলিশের ‘মনোবল এবং বাস্তবতার’ বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করেন।

জবাবে তিনি বলেন, “চাঁদাবাজের মধ্যে আপনি সাংস্কৃতি টেনে আনলেন কেন?

“ব্রাহ্মণবাড়িয়া এলাকাতেই এরকম…গান-বাজনা, সিনেমা এগুলো প্রায় বহু বছর যাবৎ তাদের মধ্যে, এটা একটু প্রায় নিষিদ্ধের মতো এলাকা। সেটা, ওখানকার পরিস্থিতি আলাদা। তো পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় যেখানে যা ব্যবস্থা নেওয়া দরকার সরকার সেটা নিয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: