![]()


বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ফতেহবাগ চা বাগানে চিকিৎসায় অবহেলার অভিযোগে এক নারী চা শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনায় টানা দুই দিন কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা এবং বাগান ব্যবস্থাপক ও স্বাস্থ্য সহকারীর অপসারণের দাবিতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন।
নিহত শ্রমিকের নাম নমী রবি দাস (২৮)। তিনি ফতেহবাগ চা বাগানের নিয়মিত শ্রমিক সুকুমার রবি দাসের স্ত্রী।
শ্রমিক ও নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, সোমবার সকালে নমী রবি দাস হাত-পা ফুলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে স্থানীয় বাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন নিয়ে তারা বাগান ব্যবস্থাপক নূর আহমদের কাছে গেলে তিনি প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করার আশ্বাস দেন। তবে পরিবারের দাবি, পরে বাগান কর্তৃপক্ষ যথাযথ ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেনি। রাত আনুমানিক ৩টার দিকে নমী রবি দাসের মৃত্যু হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাগানের শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা কাজে যোগ না দিয়ে বাগান কার্যালয়ের সামনে জড়ো হয়ে কর্মবিরতি পালন করেন। পরে চিকিৎসায় অবহেলার জন্য দায়ীদের অপসারণের দাবিতে তিন দিনের আল্টিমেটাম দিয়ে দাবি বাস্তবায়নের শর্তে কাজে ফেরার ঘোষণা দেন।
মঙ্গলবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত কর্মবিরতি নিরসনে বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিকরা আগামী তিন দিনের মধ্যে বাগান ব্যবস্থাপক নূর আহমদ ও স্বাস্থ্য সহকারীর অপসারণের দাবি জানান। দাবি পূরণ হলে বুধবার থেকে কাজে ফেরার আগ্রহের কথাও জানান তারা।
বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাগান ব্যবস্থাপক নূর আহমদ, টিলা বাবু টিংকু সূত্রধর, সেকেন্ড টিলা বাবু সাইফুল ইসলাম এবং হেড ক্লার্ক শর্মা বাবু।
শ্রমিকদের পক্ষে উপস্থিত ছিলেন জুড়ী ভ্যালীর সভাপতি কমল দে, সাধারণ সম্পাদক রতন চন্দ্র, পঞ্চায়েত কমিটির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক নিবারণসহ শ্রমিক প্রতিনিধি সাদেক, সুমন ও লিটন নায়েক।
এ ঘটনায় বাগান কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।