সর্বশেষ আপডেট : ২১ ঘন্টা আগে
সোমবার, ১১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে আনুষ্ঠানিক জবাব দিল ইরান

ডেইলি সিলেট ডেস্ক ::

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে এ লিখিত জবাব দেওয়া হয়েছে। তবে তেহরান কী বলেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন একটি সূত্র রোববার ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএকে এ তথ্য জানিয়েছে।

আইআরএনএর বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, “ইরান আজ পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব পাঠিয়েছে।”

যুদ্ধ আনুষ্ঠানিকভাবে বন্ধ করতে শান্তি চুক্তির জন্য এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের কাছে একাধিক দফায় পাল্টাপাল্টি প্রস্তাব পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ।

গত সপ্তাহে ইরানের কাছে ১৪ দফার একটি প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন আশা করেছিল, গত শুক্রবারের মধ্যে ইরান এর জবাব দেবে। যদিও নির্ধারিত সময়ের মধ্যে তা হয়নি।

এ পরিস্থিতিতে গত বৃহস্পতিবার থেকে হরমুজ প্রণালি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে উভয় পক্ষের সেনারা পাল্টাপাল্টি বিক্ষিপ্ত সংঘাতে জড়িয়ে পড়ে।

শুক্রবার যুক্তরাষ্ট্র দাবি করে, তারা ইরানের পতাকাবাহী দুটি ট্যাংকার অচল করে দিয়েছে। একই দিনে ওমান উপসাগরে একটি তেলের ট্যাংকার জব্দের দাবি করে ইরান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েলে হামলা চালায় ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটিতেও আক্রমণ চালানো হয়।

যুদ্ধ শুরুর ৪০ দিন পর পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। এরপর ইসলামাবাদে ১১ ও ১২ এপ্রিল দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে প্রায় ২১ ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।

এরপর থেকেই দুই পক্ষকে আবারও আলোচনার টেবিলে বসানোর চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: