সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এএসআইয়ের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, আটক আরও ২

ডেইলি সিলেট ডেস্ক ::

নারায়ণগঞ্জ শহরে দায়িত্ব পালন করার সময় এক এএসআইয়ের কাছ থেকে ছিনতাই হওয়া গুলিসহ সরকারি অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মোট তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটে বন্দর ফায়ার স্টেশনের সামনের গলি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান।

আটকরা হলেন- ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহম্মেদ (২৩) ও হাসান (২১) এবং নগরীর দেওভোগ পানির ট্যাংক এলাকার মিজানুর রহমানের ছেলে মো. মিশাল (৩০)।

সোমবার সকাল পৌনে ৬টার দিকে নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে ছিনতাইয়ের শিকার হন সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই লুৎফর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, “এ ঘটনায় জড়িত অভিযোগে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বন্দরের সোনাকান্দা এলাকা থেকে মিশালকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়েই অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।”

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলছেন, “মিশাল ছিনতাইয়ের ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাকিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

এদিকে এ ঘটনায় সদর উপজেলার কাশীপুর বাংলাবাজার এলাকাতে মধ্যরাতে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ ও র‍্যাব সদস্যরা। এ সময় ব্যাংক কলোনি আবাসিক এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তির অবস্থান শনাক্তের তথ্য পেয়ে সেখানেও অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রাত আড়াইটা পর্যন্ত এসব এলাকার কয়েকটি আবাসিক ভবনে তল্লাশি চালিয়েও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে অভিযানের সময় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন।

ঘটনার বর্ণনায় অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, “লুৎফর রহমান অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য গেলে টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী পথরোধ করে তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।”

ঘটনার সময় লুৎফর রহমান পুলিশের পোশাকে ছিলেন বলে জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, নিতাইগঞ্জ এলাকার এ অংশটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগরভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও পথচারীরা প্রায়ই এখানে ছিনতাইয়ের শিকার হন। শহরের আরও কয়েকটি স্থান ছিনতাই প্রবণ।

এর আগে রোববার সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে একটি ব্যাটারিচালিত রিকশা থামিয়ে ছিনতাই চেষ্টার অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: