![]()


প্রকাশনা জগতে দীর্ঘ সময় ধরে কাজ করে স্বতন্ত্র অবস্থান গড়ে তোলা লেখক, সম্পাদক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সলের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হলো পাঠ আলোচনা ও সুহৃদ আড্ডা। অনুষ্ঠানে বক্তারা বলেন, মননশীল চিন্তা ও সৃজনশীলতার সমন্বয়ে তিনি প্রকাশনা শিল্পে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
রোববার (১ মার্চ) সিলেট নগরীর হাওয়াপাড়াস্থ সাহিত্য ক্যাফেতে ‘ছড়াকেন্দ্র, সিলেট’ ও ‘পাণ্ডুলিপি প্রকাশন’-এর যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্য প্রবাসী কবি, সাংবাদিক ও ঔপন্যাসিক আহমদ হোসেন হেলাল সম্পাদিত ‘বিশ্ব বাঙালির কবিতা’ কাব্যগ্রন্থের তৃতীয় খণ্ডের পাঠ আলোচনা ও মোড়ক উন্মোচন করা হয়।
বিশিষ্ট লেখক ও ‘ছড়ালোক’ সম্পাদক শাহাদত বখত শাহেদের সভাপতিত্বে এবং কবি সেনুয়ারা আক্তার চিনুর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল কবি কালাম আজাদ, প্রিন্সিপাল এম. আতাউর রহমান পীর, কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.), কবি ও সমাজচিন্তক সালেহ আহমদ, বর্ষীয়ান সাংবাদিক ও গবেষক মুহাম্মদ ফয়জুর রহমান এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ এবং স্বাগত বক্তব্য দেন কবি রিপন মিয়া। মোনাজাত পরিচালনা করেন কবি ক্বারী আব্দুল বাছিত।
বক্তারা বলেন, বায়েজীদ মাহমুদ ফয়সল একজন দূরদৃষ্টিসম্পন্ন চিন্তাশীল ব্যক্তিত্ব। প্রকাশনা, সম্পাদনা এবং সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তিনি দেশ-বিদেশের কবি-সাহিত্যিকদের একসূত্রে বাঁধতে সক্ষম হয়েছেন। বিশেষ করে বহির্বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালি কবিদের কবিতা সংকলন করে ‘বিশ্ব বাঙালির কবিতা’ প্রকাশ একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ।
প্রিন্সিপাল কবি কালাম আজাদ বলেন, ফয়সলের চিন্তাচেতনা সুদূরপ্রসারী এবং প্রকাশনা শিল্পে তার অবস্থান প্রশংসনীয়। প্রিন্সিপাল এম. আতাউর রহমান পীর তাঁর সাংগঠনিক দক্ষতার কথা উল্লেখ করে বলেন, মানুষকে সম্পৃক্ত করার শক্তি তার রয়েছে। কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.) বলেন, বৌদ্ধিক চর্চা ও মানবিক বন্ধন তৈরির ক্ষেত্রে তিনি অনন্য। অন্য বক্তারাও তার সাহিত্যনিষ্ঠা ও উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
দ্বিতীয় পর্বে অতিথিবৃন্দ ‘বিশ্ব বাঙালির কবিতা’ তৃতীয় খণ্ডের পাঠ আলোচনা ও গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গবেষক মোশতাক চৌধুরী, কবি মাসুদা সিদ্দিকা রুহী, কবি জালাল জয় প্রমুখ। উপস্থিত ছিলেন তওফিক আহমদ চৌধুরী, কবি শামীমা আক্তার জিনু, সাহেদা পারভীন চৌধুরী নাজমা, লুৎফা আহমদ লিলি, জান্নাত আরা খান, শুকরানা বেগম, মালতী দেব, আবদুল কাদির জীবন, মোঃ নাসির উদ্দিন, ফারুক আহমদ, এম. রহমান ফারুক, মো. নয়ন মনি, ফুল মিয়া প্রমুখ।
অনুভূতি প্রকাশ করে বায়েজীদ মাহমুদ ফয়সল বলেন, বিদগ্ধজনদের উপস্থিতি তাকে অনুপ্রাণিত করেছে। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ‘বিশ্ব বাঙালির কবিতা’ সংকলনের জন্য আহমদ হোসেন হেলালের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।-বিজ্ঞপ্তি