![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের নির্দিষ্ট তারিখ আগামী মে মাসেই ঘোষণা এবং জুন মাসে ভোটগ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
বুধবার দুপুর ১২টায় ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা এ দাবি জানান। তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সংবাদ সম্মেলনে বিন ইয়ামিন জানান, বহু প্রতীক্ষার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ডাকসু নির্বাচনের একটি সময়রেখা (টাইমলাইন) দেওয়া হলেও, সেখানে নির্দিষ্ট তারিখের অনুপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তার ভাষায়, “আমরা চাই মে মাসেই নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হোক এবং জুন মাসেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হোক।”
ডাকসু নির্বাচনকে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদের নির্বাচন দেওয়াই ছিল ওই অভ্যুত্থানের অঙ্গীকার। দলীয় রাজনীতির লেজুড়বৃত্তি থেকে বিশ্ববিদ্যালয়কে মুক্ত করতে ডাকসু নির্বাচন অপরিহার্য।” এ সময় ডাকসু নির্বাচনকে একটি নির্দিষ্ট ক্যালেন্ডারভুক্ত কর্মসূচি করার আহ্বানও জানান তিনি।
বিন ইয়ামিন আরো বলেন, “ডাকসু নির্বাচন নিয়ে অতীতে বারবার টালবাহানা হয়েছে। এবার আবারও সময়রেখা দিয়ে তারিখ না জানানোয় শিক্ষার্থীরা হতাশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি দ্রুত সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করে, আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো।”