![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা তার সঙ্গে ছিলেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
পরে পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের নিহত সব সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
দোয়া ও মোনাজাত শেষে সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেবেন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে ঢাকার উদ্দেশে আকাশপথে টুঙ্গিপাড়া ত্যাগ করার কথা রয়েছে।