সর্বশেষ আপডেট : ৫০ মিনিট ০ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত বলে জানিয়েছে ইসরায়েল। তবে ওয়াশিংটন চাইছে, তেল আবিব যুদ্ধের মানসিকতা থেকে বেরিয়ে অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দিক।

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র এফি ডেফরিন রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের হুমকি মোকাবিলায় ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ এককভাবে বা স্বাধীনভাবে পদক্ষেপ নিতে প্রস্তুত।

তিনি বলেন, “আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই সম্পূর্ণ এককভাবে যে কোনও মুহূর্তে শক্তি দিয়ে আঘাত হানতে প্রস্তুত আছি।”

তবে ইসরায়েলের এমন কঠোর অবস্থানের বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মহল থেকে ভিন্ন বার্তা এসেছে। ওয়াশিংটন চাইছে, ইসরায়েল যেন যুদ্ধকালীন মানসিকতা পরিহার করে আঞ্চলিক নিরাপত্তাকে প্রাধান্য দেয় এবং অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডাকার প্রস্তুতি নেওয়ার মধ্যেই এমন বিপরীতমুখী বক্তব্য সামনে এসেছে। ঠিক এমন এক সময়ে ইরানের বিরুদ্ধে আরেকটি সামরিক অভিযানের প্রস্তুতি এবং তেহরানের পক্ষ থেকে আকস্মিক হামলার আশঙ্কার খবর পাওয়া যাচ্ছে।

বিশ্বের জ্বালানি বাজার বিপর্যস্ত করা, সামুদ্রিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা এবং পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশকে সংঘাতে জড়িয়ে ফেলা এই ইরান যুদ্ধের নয় মাস পর এখন একটি মৌলিক প্রশ্ন সামনে আসছে: নেতানিয়াহু যেখানে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে, সেখানে ওয়াশিংটন কি ইসরায়েলকে কূটনীতির পথে পরিচালিত করতে পারবে?

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-কে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন ইরানে এককভাবে হামলা চালানোর প্রস্তুতির কথা বলার পাশাপাশি এও বলেছেন, “ইরান ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্য থেকে এখনও সরে আসেনি।” যদিও ইসরায়েলের জনসাধারণের জন্য সামরিক নির্দেশিকায় জরুরি সতর্কতা বা বিধিনিষেধের ক্ষেত্রে কোনও পরিবর্তন আনা হয়নি।

খবর পাওয়া যাচ্ছে, নেতানিয়াহু নতুন করে আরেকটি সামরিক অভিযানে সমর্থন দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছেন। এই সামরিক পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরতেই তিনি চলতি মাসের শুরুতে মোসাদপ্রধান রোমান গোফম্যানকে ওয়াশিংটনে পাঠিয়েছিলেন।

‘দ্য টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের প্রস্তুতির মধ্যেই বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে নতুন করে আরেকটি সামরিক অভিযান চালানোর বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের বার্তা

এমন প্রেক্ষাপটে মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার ইসরায়েলের আঞ্চলিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভিন্ন ধরনের এক স্পষ্ট মূল্যায়ন তুলে ধরেছেন।

জার্মান ব্যবসায়ী মাথিয়াস ডফনারের সঙ্গে একটি পডকাস্ট সাক্ষাৎকারে কুশনার বলেন, ইসরায়েলের উচিত যুদ্ধকালীন মানসিকতা থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক কূটনীতিতে মনোনিবেশ করা।

এর মাত্র দুই দিন আগেই তিনি ‘নিউ ইয়র্ক ম্যাগাজিন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেছিলেন, গাজা নিয়ে ইসরায়েল তাদের নীতি পরিবর্তন না করলে বিশ্বে একঘরে হয়ে পড়বে। সেই সতর্কবার্তার দুই দিন পরই কুশনার নতুন এই মন্তব্য করলেন।

তবে ইসরায়েলকে যুদ্ধের মানসিকতা থেকে সরে আসার আহ্বান জানানোর অর্থ এই নয় যে, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনও সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেছে। ওই একই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে হামলার সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে কুশনার বলেন, ট্রাম্প ‘সবসময় তাঁর সব বিকল্প পথ খোলা রাখেন’।

ইরানে আরেকটি হামলার জন্য কেন চাপ দিচ্ছেন নেতানিয়াহু?

নেতানিয়াহুর তড়িঘড়ি করে বা জরুরি পদক্ষেপ নেওয়ার পেছনে মূলত তিনটি কারণ রয়েছে: নিরাপত্তাজনিত উদ্বেগ, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাওয়ার সুযোগ কমে আসার আশঙ্কা এবং দেশের ভেতরে ক্রমবর্ধমান রাজনৈতিক অনিশ্চয়তা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী মনে করেন, ইরান তাদের ক্ষেপণাস্ত্রের মজুত ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নতুন করে গড়ে তুলছে এবং দেশটি এখনও আরও সামরিক হামলার মুখে দুর্বল অবস্থায় রয়েছে।

নেতানিয়াহু নতুন করে ইরানে হামলা চালানোর বিষয়ে সমর্থন দিতে ট্রাম্পের ওপর বারবার চাপ দিয়ে আসছেন। এরই অংশ হিসেবে সাম্প্রতিক বৈঠকগুলোতে মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সামনে প্রমাণ হিসেবে ইরান সম্পর্কিত ইসরায়েলি গোয়েন্দা তথ্য উপস্থাপন করেছেন মোসাদপ্রধান রোমান গোফম্যান।

তবে ইসরায়েলের ভেতরেই ইরানে হামলা চালাতে এই তাড়াহুড়ো করা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর পাওয়া যাচ্ছে, সেনাপ্রধান ইয়াল জামির এবং মোসাদের অভ্যন্তরীণ গবেষকেরা এখনই নতুন করে ইরানে আরেকটি সামরিক অভিযান চালানোর কোনও জরুরি প্রয়োজন দেখছেন না।

অন্যদিকে, কিছু ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা ইরানের ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখার পক্ষে মত দিচ্ছেন। এর পেছনে একটি বড় রাজনৈতিক দিকও রয়েছে।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহু তাঁর সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট নতুন সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাওয়ার মধ্যে তিনি বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর রাজনৈতিক প্রতিপক্ষদের অভিযোগ, নিজের ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত করতে অথবা বিরোধীদের একটি জাতীয় ঐক্যের সরকারে যোগ দিতে বাধ্য করতেই তিনি নতুন করে যুদ্ধ বাধাতে চাইছেন।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যান আভিগদর লিবারম্যান অবিলম্বে সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে উপস্থাপিত গোয়েন্দা যুক্তি বা তথ্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

নেতানিয়াহু এর কড়া জবাব দিয়ে পাল্টা অভিযোগ করেছেন, তাঁর বিরোধীরা রাজনৈতিক কারণেই গুরুতর নিরাপত্তা হুমকিগুলোকে খাটো করে দেখছে।

পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ওয়াশিংটনের নিজস্ব রাজনৈতিক সময়সূচি। আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পথে থাকায় ইসরায়েলের কর্মকর্তারা আশঙ্কা করছেন, নতুন আরেকটি সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার সুযোগ ক্রমেই কমে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: