সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’

ডেইলি সিলেট ডেস্ক ::

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা চেয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কীভাবে কাজ করবে।

তিনি বলেন, আপনারা যদি মনে করেন পুলিশের দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভায় অংশ নেন আইজিপি। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি আলী হোসেন বলেন, আমি মনে করি, আপনারা (গোপালগঞ্জবাসী) শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করবেন; এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন।

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপি বলেন,সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামী দিনেও ভালো থাকবে।

স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, আপনারা সবাই মিলে শান্তিপ্রিয় মানুষগুলো যারা অশান্তি তৈরি করে, তাদের বিপক্ষে অবস্থান নিন। (অশান্তি তৈরি করে) এমন (লোকজনের) সংখ্যা খুব বেশি নয়।

পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম শুরুর বিষয়ে এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, এই থানা কাদের জন্য? আপনাদের জন্য, জনগণের জন্য। আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে এরা (পুলিশ) কাজ কীভাবে করবে? আপনারা যদি… পুলিশকে সহযোগিতা না করেন, তাহলে তো এরা কাজ করতে পারবে না। আর আপনারা যদি চান পুলিশের দরকার নাই, আপনাদের আইনশৃঙ্খলা আপনাদের মেইনটেইন করতে হবে।

সাম্প্রতিক সহিংতার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কোনো অভিযান পরিচালনা করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে আইজিপি বলেন, আসল কথা হলো জনগণ যেটা চাইবে, সেটাই সরকার সিদ্ধান্ত নেবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশপ্রধান বলেন, সে ক্ষেত্রে আগেও আপনারা দেখেছেন, অনেক লাগাতার কর্মসূচি হয়েছে, পরিণতি কী হয়। আপনাদের (আন্দোলনকারীদের) প্রতি আমাদের যেন স্ট্রিক্ট (কঠোর) অবস্থানে যাওয়া না লাগে।

এর আগে সাম্প্রতিক সহিংসতার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে সকালে গোপালগঞ্জে পৌঁছান আইজিপি আলী হোসেন ফকির, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ডিজি ফারুক আহমেদ।

এরপর গোপালগঞ্জ পুলিশ লাইনসে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন আইজিপি আলী হোসেন। সেখানে থেকে শহরের সার্কিট হাউসে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা করেন পুলিশপ্রধান, বিজিবি ও এসআরবি ডিজি। এতে গোপালগঞ্জ ছাড়াও বাগেরহাট, নড়াইল, ফরিদপুরসহ আশপাশের জেলার পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ পুলিশ, বিজিবি ও এসআরবির কর্মকর্তারা অংশ নেন।

এ ছাড়া সকালে ঢাকা থেকে গোপালগঞ্জ শহরে আসার পথে পুলিশপ্রধান, বিজিবি ও এসআরবির ডিজি পুড়িয়ে দেওয়া মুকসুদপুর থানা পরিদর্শন করেন। তবে বিকেল পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে যাননি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: