![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
টানা কয়েক দিন সাগরে শক্তি সঞ্চয় করে ‘প্রবল ঘূর্ণিঝড়ের’ রূপ নেওয়া ‘আকভান’ উপকূলে আঘাত হানার আগেই দুর্বল হয়ে পড়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ভারতের অন্ধ্র-ওড়িশা উপকূলে আঘাতের আগে অবিরাম বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়া এই ঘূর্ণিঝড়টি এখন উপকূল অতিক্রম করতে শুরু করেছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। এর প্রভাবে ভারতের ওড়িশা, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও ভারী বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে।
ওড়িশার ভুবনেশ্বর আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ‘আকভানের’ উপকূলে আছড়ে পড়ার প্রক্রিয়াটি দীর্ঘ সময় ধরে চলবে, যা সাত থেকে আট ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। অন্যদিকে আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিবেগের বাতাস নিয়ে উপকূল অতিক্রম করতে পারে, যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টি শুরু হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর এখনো বিক্ষুব্ধ রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত আছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, ‘আকভান’ উপকূলে আছড়ে পড়ার পরও এর প্রভাবে মেঘমালা সৃষ্টি অব্যাহত থাকবে। ফলে এর প্রভাব আগামীকাল শনিবার পর্যন্ত থাকতে পারে এবং বাংলাদেশের দক্ষিণ – পশ্চিমাঞ্চলে শনিবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকেই বৃষ্টির মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে।