![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্রুকলিনে একটি তিনতলা ভবন ধসে অন্তত দুজন নিহত এবং ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সম্ভাব্য জীবিতদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা।
ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকার একটি আবাসিক ও বাণিজ্যিক (মিক্সড-ইউজ) ভবন ধসে এই হতাহতের ঘটনা ঘটে। এলাকাটিতে মূলত কৃষ্ণাঙ্গ ও আফ্রো- ক্যারিবিয়ান সম্প্রদায়ের মানুষের বসবাস।
বুধবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে সেখানে উদ্ধার অভিযান শুরু হয়। নিউ ইয়র্ক নগরীর মেয়র জোহরান মামদানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উদ্ধার তৎপরতার সর্বশেষ তথ্য জানান এবং সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেন।
নিউ ইয়র্ক নগরীর দমকল পরিষেবার (এফডিএনওয়াই) কমিশনার লিলিয়ান বনসিনইয়োর জানান, ভবনটি পাশের একটি নির্মাণস্থলের ওপর ধসে পড়ায় ভেতরে থাকা বাসিন্দা ও নির্মাণশ্রমিকরা আটকা পড়েন।
এফডিএনওয়াই প্রধান জন এসপোসিটো জানান, দুর্ঘটনার সময় নির্মাণশ্রমিকরা সেখানে খননকাজ করছিলেন।
ধ্বংসস্তূপ থেকে অন্তঃসত্ত্বা এক নারীকে উদ্ধার করা হয়েছে। এফডিএনওয়াইয়ের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১২ জন স্থিতিশীল রয়েছেন।
এ ছাড়া উদ্ধারকাজ চালাতে গিয়ে সামান্য আহত এক দমকল কর্মীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা শনাক্ত করতে ড্রোন মোতায়েন করেছে দমকল পরিষেবা।
বুধবার রাত ৮টার দিকে এক সংবাদ সম্মেলনে মেয়র মামদানি জানান, জরুরি ফোন কল পাওয়ার মাত্র এক মিনিটের মধ্যেই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান।
এফডিএনওয়াই প্রধান এসপোসিটোর বরাতে সিএনএন জানিয়েছে, দমকলের একটি দল কাছেই অন্য একটি জরুরি কাজ শেষ করে ফেরার পথে তাৎক্ষণিকভাবে এখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে।
ঘটনাস্থলে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সদস্যরা টহল দিচ্ছেন। ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাশাপাশি জরুরি চিকিৎসাসেবা দলের সদস্যরা কাজ করছেন।
ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় ‘ফ্ল্যাটবুশ ওয়াইএমসিএ’তে একটি সহায়তা কেন্দ্র খুলেছে নিউ ইয়র্ক নগরীর জরুরি ব্যবস্থাপনা বিভাগ।
উদ্ধারকারী ইউনিটগুলো ‘বিপজ্জনক ও বীরত্বপূর্ণ কাজ’ করছে উল্লেখ করে দমকলের কমিশনার বনসিনইয়োর বলেন, তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপৎসংকুল পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। সেখানে খুব দ্রুত নড়াচড়া করে ধ্বংসস্তূপের ভারসাম্য নষ্ট করার ঝুঁকি নিলে তা ক্ষতিকর পরিণতি ডেকে আনতে পারে।
এটি একটি ‘দীর্ঘমেয়াদি অভিযান’ হবে বলেও জানান তিনি। ভবন ধসের প্রকৃত কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে।