সর্বশেষ আপডেট : ২৫ মিনিট ৪ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চার নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড

ডেইলি সিলেট ডেস্ক ::

এক নারীকে ধর্ষণ ও আরও তিন নারীকে যৌন নিপীড়নের অভিযোগে উপস্থাপক ও ব্রিটিশ কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ডকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে লন্ডনের একটি আদালত।

বিবিসির খবর অনুযায়ী, সোমবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতের বিচারক জোয়েল বেননাথান এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে এক নারীকে ধর্ষণ এবং আরও তিনজনকে যৌন নিপীড়নের দায়ে রাসেলকে এই দণ্ড দেওয়া হয়েছে।

এর আগে গত ৫ নভেম্বর ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে একই আদালত রাসেলকে দোষী সাব্যস্ত করেন। ওইদিন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে বলেন, মার্কিন পপ গায়িকা কেটি পেরির সাবেক স্বামী রাসেল ব্র্যান্ড যৌনতায় আসক্ত ছিলেন। বহু নারীর সঙ্গে তাঁর যৌন সম্পর্ক ছিল।

সোমবার রায় ঘোষণার সময় বিচারক জোয়েল বেননাথান বলেন, “এই কৌতুক অভিনেতা নারীদের প্রতি চরম ঔদ্ধত্যপূর্ণ অবজ্ঞা প্রদর্শন করেছেন।”

বিচারক রাসেলকে একজন ‘যৌন শিকারী উন্মাদ’ হিসেবেও বর্ণনা করে বলেন, “তিনি ভুক্তভোগীদের কাছে পৌঁছাতে নিজের খ্যাতি ও প্রভাবের চরম অপব্যবহার করেছিলেন।

“প্রায় ২০ বছর আগে রাসেল ব্র্যান্ড তারকা হিসেবে খ্যাতি অর্জন করছিলেন। তিনি ছিলেন চতুর এবং অনেকের চোখেই বেশ হাসিখুশি ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। তবে এর পাশাপাশি রাসেল একজন যৌন শিকারীতে পরিণত হয়েছিলেন।”

এদিকে রায় ঘোষণার সময় ৫১ বছর বয়সী এ অভিনেতা ছিলেন অনেকটাই নির্বিকার। রায়ের পরপরই আদালতের কর্মকর্তারা তাঁকে কারাগারে নিয়ে যান।

বিবিসির তথ্য অনুযায়ী, কারাগারে নিয়ে যাওয়ার সময় ব্র্যান্ড তাঁর স্ত্রী লরা ব্র্যান্ডের উদ্দেশে বলেন, “আই লাভ ইউ”।

খবরে বলা হয়, ধর্ষণের অপরাধে রাসেলকে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ২০০৪ সালে লন্ডনের একটি বারে এক নারীকে যৌন নিপীড়নের জন্য ৯ মাস, ২০০৪ বা ২০০৫ সালে ‘চয়েস এফএম’ স্টুডিওতে অপর এক নারীকে নিপীড়নের জন্য ১৮ মাস এবং ২০০৯ সালে ‘চ্যানেল ৪’-এর একটি প্রকল্পে কাজ করার সময় সহকর্মীকে যৌন নিপীড়নের জন্য ৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচারক রায় ঘোষণার সময় বলেন, রাসেল ব্র্যান্ড পাঁচ বছর ধরে একাধিক নারীর বিরুদ্ধে এই যৌন অপরাধ সংঘটিত করেছেন। তাই সব সাজা একসঙ্গে বা সমান্তরালভাবে কার্যকর করলেও তাঁর অপরাধের সামগ্রিক ভয়াবহতার সঠিক প্রতিফলন ঘটত না।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: