![]()


জাতীয় প্রয়োজন ও সংকটে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে ইনশাআল্লাহ দেশকে সোনার বাংলায় পরিণত করার লক্ষ্য অর্জন সম্ভব হবে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশ অস্থির ও সংকটাপন্ন অবস্থায় ছিল। সেদিন সিপাহি ও সাধারণ জনগণ একসঙ্গে দেশকে সংকট থেকে উদ্ধার করেছিলেন। সিপাহি ও জনগণের ঐক্যের কারণেই ‘বিপ্লব’ ও ‘সংহতি’ শব্দ দুটি একসঙ্গে যুক্ত হয়েছে।
শনিবার নগরীর শাহী ঈদগাহে ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় আয়োজিত ‘ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা: দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. সৈয়দ শাহ এমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক কৃষিবিদ আনোয়ারুল কাদির। সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন।
এর আগে সকাল সাড়ে ৯টায় ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইফা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি