সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

স্পেনে দ্বিতীয় ক্লাব কিনছেন মেসি, এলদেনসে যুক্ত হওয়ার পথে চুক্তি

ডেইলি সিলেট ডেস্ক ::

বার্সেলোনা ছাড়লেও স্প্যানিশ ফুটবলের সাথে লিওনেল মেসির বন্ধন কাটেনি। যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামির হয়ে খেলার পাশাপাশি খেলার মাঠের বাইরে ব্যবসায়ী হিসেবেও নতুন চমক দিচ্ছেন এই আর্জেন্টাইন তারকা। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব ‘এলদেনসে’ কেনার খুব কাছাকাছি পৌঁছে গেছেন তিনি।

ইএসপিএনের তথ্যমতে, এলদেনসে কেনার বিষয়ে ইতোমধ্যেই একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন মেসি। তবে চূড়ান্ত চুক্তির আগে ক্লাবটির আর্থিক ও আইনি সার্বিক দিক যাচাই-বাছাই করা হবে। পরবর্তীতে স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের অনুমোদন মিললেই আনুষ্ঠানিকভাবে এলদেনসের মালিকানায় যুক্ত হবেন তিনি।

সব ঠিক থাকলে এটি হবে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় কোনো ক্লাব। চলতি বছরেই স্প্যানিশ পঞ্চম বিভাগের আধা-পেশাদার দল ‘কর্নেয়া’ কিনেছিলেন মেসি। ফলে এলদেনসে হতে যাচ্ছে স্পেনে মেসির প্রথম কোনো পেশাদার ফুটবল ক্লাব। এছাড়া ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব ‘দেপোর্তিভো এলএসএম’-এর আংশিক মালিকানাতেও যুক্ত রয়েছেন তিনি।

১৯২১ সালে প্রতিষ্ঠিত ক্লাব এলদেনসের ইতিহাস তেমন সমৃদ্ধ নয়। দীর্ঘ সময় নিচের স্তরে কাটানোর পর ২০২৩ সালে ১৯৬৪ সালের পর প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগে ওঠে তারা। মাঝখানে অবনমন হলেও এবারের গ্রীষ্মে পুনরায় দ্বিতীয় বিভাগে ফিরে আসে দলটি। তবে চলতি মৌসুমে বেশ নাজুক পরিস্থিতিতে রয়েছে তারা; প্রথম চার ম্যাচের একটিতেও জয় না পেয়ে সম্প্রতি কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

আইনি দিক থেকে আপাতত দুই ক্লাবের মালিকানা নিয়ে মেসির তাৎক্ষণিক কোনো জটিলতায় পড়ার আশঙ্কা কম। যেহেতু কর্নেয়া খেলে পঞ্চম বিভাগে আর এলদেনসে দ্বিতীয় বিভাগে, তাই তিন ধাপের ব্যবধান থাকায় স্প্যানিশ ফুটবলের নিয়মে কোনো বাধা নেই। তবে ভবিষ্যতে দুই দলই একই বিভাগে উন্নীত হলে ও মেসি উভয়ের সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক থাকলে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়মানুযায়ী সমস্যা তৈরি হতে পারে।

মাত্র ৫ হাজার ৭৭৬ ধারণক্ষমতার স্টেডিয়াম নুয়েভো পেপিকো আমাতের ক্ষুদ্র এই ক্লাবটি এখন মেসির মালিকানায় এসে বড় পরিবর্তনের স্বপ্ন দেখছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: