![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
চট্টগ্রামে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। ঙ্গলবার সকালে লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফিরোজ আহমেদ তৌহিদ (২৩) ও মাহী পাটোয়ারী (২৪)। তারা চাঁদপুরের কচুয়া উপজেলার শাহারপাড়া এলাকার বাসিন্দা।
নিহতরা মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে চাঁদপুর ফিরছিলেন বলে জানিয়েছেন তাঁদের সহযাত্রীরা।
হাইওয়ে পুলিশ দোহাজারী থানার ওসি মো. সালাহউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, নিহত দুই যুবক বাইক নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। ঠাকুরদিঘী এলাকায় কক্সবাজারমুখী মাছবাহী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
তিনি বলেন, “এতে ঘটনাস্থলে বাইক চালক তৌহিদের মৃত্যু হয়। আর গুরুতর আহত মাহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, সকাল পৌনে ৯টার দিকে মাহীকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের বন্ধু মো. সোহান গণমাধ্যমকে বলেন, পাঁচটি বাইকে তাঁরা ১০ বন্ধু চাঁদপুর থেকে সাজেক হয়ে রোববার কক্সবাজার গিয়েছিলেন। সকালে চাঁদপুর ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।