সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা পূর্বসূচি অনুযায়ী চলবে

ডেইলি সিলেট ডেস্ক ::

জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম বিভাগের স্থগিত হওয়া পরীক্ষা ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে তিনি বলেন, পরীক্ষা স্থগিতের নতুন কোনো নির্দেশনা নেই। সরকার যে সিদ্ধান্ত দেবে, শিক্ষা বোর্ডগুলো সেটিই বাস্তবায়ন করবে। এখন পর্যন্ত সরকারের নির্দেশনা হচ্ছে, পরীক্ষা চলবে।

এর আগে, আজ সকালে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক অনলাইন সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেও একই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সভাপতিত্ব করেন। এতে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান, বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সভায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সারা দেশের পরীক্ষা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে জানানো হয়, জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম বিভাগে পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় শুধু ওই বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্য সব এলাকায় পরীক্ষা গ্রহণের উপযুক্ত পরিবেশ রয়েছে। গতকাল একটি কেন্দ্র ছাড়া দেশের প্রায় সব পরীক্ষাকেন্দ্রেই নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলেও সভায় জানানো হয়।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্য সব স্থানে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে আজও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন চালিয়ে যাচ্ছে একদল শিক্ষার্থী। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে তারা দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবি জানান।

এসব দাবিতে তারা রাজধানীর সায়েন্স ল্যাব, উত্তরাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: