![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
ঈদে অন্যান্য সব ছবির সঙ্গে মুক্তি পেয়েছে আজমান রুশোর ‘রকস্টার’ ও মেজবাউর রহমান সুমনের ‘রইদ’।
আলোচনা ও দর্শক আগ্রহেও এগিয়ে ছিল এই দুটি ছবি। প্রথম দিকে শাকিব খানের ‘রকস্টার’ব্যবসা দারুণ চললেও সপ্তাহ ঘুরতেই ছবিটির আবেদন কমে যায়। কারণ দুর্বল চিত্রনাট্য।
অন্যদিকে গল্প, চিত্রনাট্য ও নির্মাণে মুন্সিয়ানা দেখিয়ে বাজিমাৎ করলেন সুমন। ফলে ‘রইদ’ নিয়ে দর্শকের আগ্রহ এখনো অটুট। এমনকি মাল্টিপ্লেক্সে প্রদর্শনীর সংখ্যা ও আয়ের দিক দিয়েও ‘রকস্টার’কে ছাপিয়ে গেল ছবিটি।
মুক্তির ২১তম দিনে দেশের মাল্টিপ্লেক্সে ‘রকস্টার’-এর শো সংখ্যা ২২টি। অনলাইন বুকিংয়ের তথ্য অনুযায়ী, এখান থেকে টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ২৯ হাজার টাকার। অন্যদিকে প্রতিদিন ‘রইদ’ দেখা যাচ্ছে ২৮টি শোতে। আবার ২১তম দিনে ছবিটির আয় ২ লাখ ২৬ হাজার টাকা, যেটা ‘রকস্টার’-এর চেয়ে প্রায় দ্বিগুণ।
উল্লেখ্য, ‘রইদ’-এ অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ। আর ‘রকস্টার’-এ রয়েছেন শাকিব খান, সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, কাজী সাবির, তারিক আনাম খান প্রমুখ।