![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে ২৩ শিশুর মৃত্যু হলো। শনিবার দুপুর ১২টার দিকে ৯ মাস বয়সী শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান।
শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে হামের রোগীদের তথ্য নিয়ে পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানান হয়, মারা যাওয়া শিশুটি জেলার ফুলপুর উপজেলার বাসিন্দা। গত ২৮ এপ্রিল হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
গত ১৭ মার্চ থেকে রোববার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় মোট ১ হাজার ৪৬ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৪১ শিশু এবং মৃত্যু হয়েছে ২৩ শিশুর।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৩০ শিশু। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩০ শিশু। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ৮২ শিশু চিকিৎসাধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানান হয়।
এদিকে রোগীর বাড়তি চাপে হাম আইসোলেশন ওয়ার্ডে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিশুর স্বজনদের। কিনতে হচ্ছে বাহির থেকে ওষুধ। পাশাপাশি আইসিইউ সংকটসহ নানা দুর্ভোগের কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিশুর স্বজনরা।
ডলি আক্তার নামে এক শিশুর মা বলেন, বৃহস্পতিবার শিশুর শ্বাস কষ্ট বেড়ে যাওয়ায় পরীক্ষা-নীরিক্ষার পর হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করান। ভর্তির ক্যানুলাসহ সকল ওষুধপত্র বাহির থেকে কিনতে হচ্ছে।
শফিকুল ইসলাম নামে আরেক অভিভাবক বলেন, আইসিইউ সংকটের পাশাপাশি বেডের সংকট রয়েছে। যার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে। কিছু ওষুধও আটতলা ভবন থেকে নেমে গিয়ে বাহির থেকে কিনে আনতে হচ্ছে।
এসব বিষয় নিয়ে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, আইসোলেশন ওয়ার্ডে ৬৪ শিশুর বিছানা থাকলেও বেশি ভর্তি হওয়ায় মেঝেতে জায়গা দিতে হচ্ছে। এতে কিছুটা ভোগান্তি হচ্ছে। ওষুধ সরবরাহ কম থাকায় স্বজনদের বাহির থেকে কিনতে হচ্ছে।