সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইরানের নতুন প্রস্তাবে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প

ডেইলি সিলেট ডেস্ক ::

যুদ্ধবিরতি চললেও যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। এর মধ্যে ইরানের দেওয়া নতুন একটি শান্তি প্রস্তাবে ‘সন্তুষ্ট নন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার(৩০ এপ্রিল) পাকিস্তানের মাধ্যমে ওই খসড়া প্রস্তাবটি পাঠায় ইরান। তবে প্রস্তাবের বিস্তারিত কিছু জানা যায়নি।

প্রস্তাব পেয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ওরা যা প্রস্তাব করেছে, এই মুহূর্তে আমি তাতে সন্তুষ্ট নই।’ আলোচনায় অচলাবস্থার জন্য তিনি ইরানের নেতাদের মধ্যে বিভেদকে দায়ী করেন।

ট্রাম্প বলেন, ‘আমরা কি তাদের বোমা মেরে চিরতরে শেষ করে দেব, নাকি একটি চুক্তি করার চেষ্টা করব? মানবিক দৃষ্টিকোণ থেকে আমি প্রথমটি বেছে নিতে চাই না।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত হামলা শুরু করে ইরানে। এরপর ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চলছে। এর পর পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও তা ব্যর্থ হয়।

এদিকে কংগ্রেসের অনুমোদন নেওয়ার সময়সীমা পার হওয়ার চাপে আছেন ট্রাম্প। তিনি শুক্রবার কংগ্রেস নেতাদের কাছে চিঠি দিয়ে জানিয়েছেন, ইরানের সঙ্গে সংঘাত ‘শেষ’ হয়েছে। যদিও মার্কিন সামরিক বাহিনীর অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

এদিকে এখনো হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান। এই পথ দিয়ে তেল ও গ্যাসবাহী ট্যাংকার চলাচল বন্ধ আছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোতে অবরোধ দিয়ে রেখেছে।

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও লেবাননে সংঘাত পুরোপুরি থামেনি। লেবাননে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ১৭ এপ্রিল একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু এরপরও ইসরায়েল দেশটিতে হামলা চালিয়ে যাচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে হাব্বোশ শহরেও হামলা হয়, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী আগেই সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানায়, সতর্কবার্তা দেওয়ার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে হামলা চালানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: