![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
বর্তমান সরকার ক্রীড়া উন্নয়ন এবং ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠাকরণ এবং জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলীমের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে ১২ থেকে ১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও দেশের সব উপজেলায় ক্রীড়া অফিসার ও ক্রীড়া শিক্ষক নিয়োগ প্রদানসহ ক্রীড়াবান্ধব বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
উত্থাপিত তারকাচিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানান, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের অংশ হিসেবে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ’ শীর্ষক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে। জমি অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন করার পর মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হবে। শরণখোলা উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্রস্তাবিত তৃতীয় পর্যায়ে জমি অধিগ্রহণ অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে, তারকাচিহ্নিত প্রশ্নে মো. আব্দুল আলীম জানতে চান, ক্রীড়া মন্ত্রী অনুগ্রহ করে বলবেন কি, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় একটি মিনি স্টেডিয়াম করার পাশাপাশি যুব সমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্রীড়া উন্নয়ন এবং ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যতে পরিকল্পনা কী?