সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার: গোলাম পরওয়ার

ডেইলি সিলেট ডেস্ক ::

সরকার সংকট নিয়ে সংসদে সমঝোতার কথা বলে সারা দেশে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ডাকসুতে ৩০ হাজার ছাত্রের ভোটে নির্বাচিত নেতাদের ওপর ছাত্রদল হায়েনার মতো আক্রমণ করে নির্যাতন করেছে। চট্টগ্রাম, কুমিল্লা, পাবনা, ঈশ্বরদীতে ছাত্রদল শিবিরের ওপর নৃশংস হামলা করেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালি পার্কের একটি অডিটোরিয়ামে জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে এ কথা বলেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, শিবিরের বিরুদ্ধে মিথ্যা ফটোকার্ড দিয়ে, অপপ্রচার চালিয়ে ও গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনারা শিবিরকে গুপ্ত বলেন? শিবির গুপ্ত নয়। দেশের জনগণ যদি বলে যারা ১৭ বছর পর বাইরে থেকে দেশে ফিরেছেন, তারাই গুপ্ত। অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থেকে যিনি নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়েছেন, তিনিই গুপ্ত। যারা ১৭ বছর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজনীতি করতে পারেনি, তারাই গুপ্ত।

গোলাম পরওয়ারের ভাষ্য, শিবিরকে এমনভাবে তৈরি করা হয়েছে, আপনারা গুপ্ত কিংবা রগকাটা বলে অপপ্রচার চালালেও দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অকুণ্ঠ সমর্থন দিয়েছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, সরকার ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তারা জুলাই সনদে স্বাক্ষর করেও সেটির বাস্তবায়ন নিয়ে সংকট তৈরি করেছে।

রাজনৈতিক সংকট ও আবার রক্ত ঝরার দিন থেকে দেশকে বাঁচাতে চাইলে জুলাই সনদকে সাংবিধানিক আইন হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি করেন জামায়াতের এই নেতা।

তিনি বলেন, যতক্ষণ তা না হবে, ততক্ষণ আমাদের সংগ্রাম সংসদ ও রাজপথে চলবে।

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভোটের ফলাফল পরিবর্তন করা হয়েছে দাবি করে গোলাম পরওয়ার বলেন, সাবেক এক প্রভাবশালী উপদেষ্টা নিজেই গণমাধ্যমকে এ কথা বলেছেন। তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জুডিশিয়ারি তদন্ত দাবি করেন।

দেশের বিদ্যুৎ ও জ্বালানিসংকট নিরসনে সরকারের সঙ্গে বিরোধী দল একাত্ম হয়ে কাজ করবে বলে জানিয়েছেন গোলাম পরওয়ার। ২৫ এপ্রিল দেশের সব মহানগর ও ২ মে সব জেলা শহরে ১১–দলীয় জোটের ব্যানারে গণমিছিলে যোগ দেওয়ার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: