সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পাকিস্তান সিরিজের আগে লিটনকে নিয়ে বড় চমক

ডেইলি সিলেট ডেস্ক ::

আসন্ন পাকিস্তানের সঙ্গে ওডিআইয়ে সিরিজে লিটন কুমার দাসকে মিডল অর্ডারে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

আসন্ন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে দলে ফিরছেন লিটন দাস। তবে এবার তাকে ওপেনিংয়ে নয়, মিডল অর্ডারে ব্যাট করতে দেখা যেতে পারে। যদিও তার ৫টি ওডিআই সেঞ্চুরির সবকটিই এসেছে ওপেনিং পজিশন থেকে।

সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে বিসিএল অল স্টারস একাদশের বিপক্ষে অনুশীলন ম্যাচে লিটনকে পাঁচ নম্বরে ব্যাট করানো হয়। এতে ধারণা করা হচ্ছে, নিজের পছন্দের ওপেনিং পজিশন ছেড়ে এবার মিডল অর্ডারে দলের দায়িত্ব সামলাতে হবে তাকে।

লিটনের এই নতুন ব্যাটিং অর্ডার নিয়ে ক্রিকবাজকে জাতীয় দলের কোচ সালাহউদ্দিন বলেন, ‘আমি মনে করি দল ব্যক্তির চেয়ে বড়। এটা ঠিক যে লিটন তার ওডিআই ক্যারিয়ারের বেশিরভাগ সময় ওপেনিংয়ে ব্যাট করেছে। তবে আমরা মনে করি মিডল অর্ডারেও সফল হওয়ার মতো সামর্থ্য তার রয়েছে।’

তিনি জানান, বর্তমানে দলের মিডল অর্ডারে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটারদের অবসরের পর সেই শূন্যতা তৈরি হয়েছে।

সালাহউদ্দিন বলেন, ‘মিডল অর্ডারে এখন একটা শূন্যতা আছে। সেই জায়গা পূরণে আমাদের একজন অভিজ্ঞ ব্যাটার দরকার। সে কারণেই লিটনকে এই ভূমিকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, টেস্ট ক্রিকেটে লিটন সাধারণত ছয় নম্বরে ব্যাট করেন এবং সেখানে তার পারফরম্যান্সও ভালো। কোচের মতে, মিডল অর্ডারে খেলার অভিজ্ঞতা থাকায় এই ভূমিকায় মানিয়ে নেওয়া তার জন্য কঠিন হবে না।

গত জুলাই থেকে লিটন বাংলাদেশের ওডিআই পরিকল্পনার বাইরে ছিলেন। এই সময়ে তিনি মাত্র তিনটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন, সবকটিই সদ্য শেষ হওয়া বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে। সেখানে তার স্কোর ছিল ১০, ৫৫ ও ০।

তবে ছোট ফরম্যাটে তিনি নিয়মিত খেলেছেন। এই সময়ে ৩০টি স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৫.৭৭ গড় ও ১৩০.৫৮ স্ট্রাইক রেটে ৬৯৬ রান করেন লিটন। এর মধ্যে ছিল পাঁচটি অর্ধশতক।

সালাহউদ্দিন বলেন, ‘লিটন দুই ফরম্যাটেই ভালো করেছে, শুধু সাম্প্রতিক সময়ে ওডিআইয়ে একটু কঠিন সময় গেছে। আশা করি মিডল অর্ডারে মানিয়ে নিতে পারলে তার অভিজ্ঞতা দলকে উপকার দেবে।’

তিনি আরও স্মরণ করিয়ে দেন ২০১৯ বিশ্বকাপের একটি ম্যাচের কথা। ‘ওই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন ছয় নম্বরে ব্যাট করে প্রায় ৯০ রান করেছিল। তাই বিভিন্ন পজিশনে ব্যাট করার অভিজ্ঞতা তার রয়েছে।’

এদিকে, পনেরো সদস্যের পাকিস্তান দল রোববার ঢাকায় পৌঁছেছে। তিন ম্যাচের ওডিআই সিরিজটি শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: