![]()


সংবাদদাতা ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে নির্বাচিত হয়ে আলোচনায় এসেছেন ৫৯ বছর বয়সী মুফতি আবুল হাসান। মসজিদের মিম্বর থেকে সরাসরি জাতীয় সংসদে যাওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সিলেট-৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতি আবুল হাসান ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক ‘খেজুরগাছ’ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। ৯ হাজার ৫৮১ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হন।
পেশায় ইমাম ও খতিব হওয়া মুফতি আবুল হাসান দীর্ঘদিন ধরে মাদরাসায় শিক্ষকতা করছেন। স্থানীয়ভাবে তিনি একজন ইসলামী বক্তা হিসেবেও পরিচিত। ভোটের পরদিনও তিনি নিয়মিত দায়িত্ব পালন করে মসজিদে ইমামতি করেন।
নির্বাচনে জয়লাভের পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আল্লাহর রাসূল মিম্বর থেকে দেশ পরিচালনা করেছেন—সেই ধারাবাহিকতায় মসজিদের মিম্বর থেকে সংসদ ভবন পর্যন্ত পৌঁছাতে পেরে তিনি কৃতজ্ঞ। তিনি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, পিছিয়ে থাকা খাতগুলোতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুফতি মোহাম্মদ আবুল হাসান জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের মাঝরগ্রামের মোহাম্মদ আব্দুল লতিফ ও মোছাম্মাৎ আছারুন বিবি দম্পতির সন্তান। ১৯৬৬ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি। বর্তমানে তিনি সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৩ সালে শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার পর থেকে তিনি জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদরাসায় শিক্ষকতা করছেন। পাশাপাশি ২০০০ সালের জুন মাস থেকে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।