সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধীদের অধিকার’ প্রতিপাদ্যে সারা দেশের মতো সিলেটেও যথাযোগ্য মর্যাদায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেট এবং বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের যৌথ উদ্যোগে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শেখঘাটস্থ জেলা সমাজসেবা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশের সভাপতিত্বে এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট নাহিদ সুলতানা ও স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজমের শিক্ষিকা মৃত্তিকা দাশ মৌ-এর যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (রাজস্ব, জেনারেল সার্টিফিকেট ও প্রবাসী কল্যাণ শাখা) মো. রাকিবুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক, ওসমানী হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ আতাউর রহমান খান সামছু, গ্রীণ ডিসঅ্যাবল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বায়েজিদ খান, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, সমাজভিত্তিক প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থা সিলেটের সভাপতি কাজী মহসিন কবির দিদার এবং শাপ্রিবি কর্মকর্তা সালামত রাজা চৌধুরী।

সভায় স্বাগত বক্তব্য দেন সিদ্ধার্থ শংকর রায়। বক্তব্য রাখেন সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় শেখঘাটের প্রধান শিক্ষক মায়া বেগম, শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক হেপী রানী দে, নাসিমা আক্তার ও পল্লব সাহা। ইশারা ভাষা উপস্থাপন করেন শেখঘাট সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মো. সানা উল্লাহ।

বক্তারা বলেন, দেশে প্রায় ৩০ লাখ বাক-শ্রবণ প্রতিবন্ধী মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ইশারা ভাষা। ২০১২ সালের ২৬ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে ৭ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে বাংলা ইশারা ভাষা দিবস ঘোষণা করা হয় এবং ১৯৯৪ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় বধির সংস্থার উদ্যোগে বাংলা ইশারা ভাষার অভিধান প্রকাশিত হয়।

আলোচনায় বক্তারা জানান, ১৯৬৩ সালে সাতটি বিভাগে সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাক্রম চালু করা হয়। সিলেট শেখঘাটের সরকারি বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে এসএসসি পর্যন্ত পাঠ্যক্রম চালুর দাবি জানানো হচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়ন, প্রমিত বাংলা ইশারা ভাষার উন্নয়ন এবং হাসপাতাল, আদালত, থানা ও শিক্ষা প্রতিষ্ঠানে ইশারা ভাষার ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির প্রতিনিধি সহকারী কমিশনার মো. রাকিবুল আলম জানান, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিরা লাইনে না দাঁড়িয়ে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে প্রবেশ করে ভোট দিতে পারবেন।

সভায় বাক-শ্রবণ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও ইশারা ভাষা বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংগঠকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের আহ্বান জানানো হয়।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: