![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠা ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিল শুরু করেছ।
শুক্রবার ঢাকাসহ সারাদেশে গণমিছিল করছে বিএনপি। বিএনপির পাশাপাশি গণমিছিল করছে সমমনা দলগুলো। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে দুটি মিছিল করছে বিএনপি।
বিকেল ৪ টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু হয়। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এছাড়াও বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণমিছিলটি সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও এসে শেষ হবে।
দক্ষিণ বিএনপির গণমিছিলে যোগ দিতে বেলা একটার পর থেকে নেতাকর্মী আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মী বাড়তে থাকে। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন ইউনিটের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছে। এসময় খালেদা জিয়ার মুক্তির নানা স্লোগান দেন নেতাকর্মীরা। এসময় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক অবস্থানে দেখা যায়।