![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বিএনপি সরকারের মেয়াদে অর্থের পরিমাণের দিক থেকে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় একনেক সভা।
পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রস্তাবিত ১৬টি প্রকল্পের মধ্যে ১২টি নতুন এবং ৪টি সংশোধিত। এসব প্রকল্পে সরকারের নিজস্ব তহবিল থেকে ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকার জোগান দেওয়া হবে। বাকি ৭২ কোটি ৪৭ লাখ টাকা সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থেকে আসবে।
আজকের সভায় ব্যয়ের দিক থেকে সবচেয়ে বড় প্রকল্প হিসেবে উপস্থাপন করা হয়েছে ‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) সাউদার্ন রুট’। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃক বাস্তবায়িতব্য এই মেগা প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা।
২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে চার হাজার ৬৬৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেলপথ নির্মাণ (সংশোধিত) এবং তিন হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্র্যাকশন চালুর প্রকল্প দুটিও আজকের সভার অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে স্থান পেয়েছে।
অবকাঠামো ও যোগাযোগ খাতের পাশাপাশি স্বাস্থ্য, পানিসম্পদ ও প্রতিরক্ষা খাতেও বড় অঙ্কের অর্থ বরাদ্দের প্রস্তাব রয়েছে আজকের একনেকে। এর মধ্যে যক্ষ্মা, এইচআইভি ও ম্যালেরিয়া মোকাবিলায় চার হাজার ৩৯ কোটি ৬ লাখ টাকা এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ৩৯৬ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ের দুটি প্রকল্প উল্লেখযোগ্য।
পাশাপাশি সড়ক ও পানিসম্পদ মন্ত্রণালয়ের একাধিক উন্নয়ন প্রকল্প, ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২, বরিশাল সেনানিবাসের দ্বিতীয় পর্যায়ের কাজ ও খুলনা নৌ অঞ্চলের অবকাঠামো নির্মাণসহ বেশ কয়েকটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর বাইরে তৈরি পোশাক ও চামড়া খাতের শ্রমিকদের সুরক্ষা, মনপুরায় বিদ্যুৎ বিতরণ, খুলনা পয়োনিষ্কাশন এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রকল্পগুলোও আলোচনায় থাকছে। প্রধান ১৬টি প্রকল্পের পাশাপাশি ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৫টি প্রকল্প সম্পর্কে আজকের সভায় সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।