![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোট না দিলে সমর্থকেরা ‘জাহান্নামে যাবেন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে আয়োজিত রিপাবলিকান দলের এক সমাবেশে উপস্থিত সমর্থকদের আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ভোট দেওয়ার শপথ পড়ানোর পর তিনি এই মন্তব্য করেন।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সম্মেলনে উপস্থিত সমর্থকদের ট্রাম্প একটি শপথ পাঠ করান। এতে বলা হয়, আমেরিকার ইতিহাসের ‘সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্টের’ প্রতি দায়বদ্ধ থেকে তাঁরা নিজেদের পরিবার ও বন্ধুদের নিয়ে আগামী ৩ নভেম্বর বা তার আগেই ভোট দেবেন।
ডেমোক্র্যাটরা নির্বাচনে কারচুপি করে এমন অভিযোগ তুলে ট্রাম্প রসিকতার ছলে নিজেদেরও একই পদ্ধতিতে কাজ করার কথা বলেন। এরপরই তিনি বলেন, ভোট না দিলে সমর্থকেরা সোজা জাহান্নামে যাবেন।
ভাষণে ট্রাম্প গত ১৯ মাসে নিজের অর্জনের প্রশংসা করে বলেন, তিনি তাঁর দেওয়া সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করেছেন। শেয়ারবাজারের উত্থান, ওষুধের মূল্য হ্রাস, সামরিক ব্যয় বৃদ্ধি এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রায় শূন্যে নামিয়ে আনার কথা উল্লেখ করেন।
তিনি আরো দাবি করেন, যুক্তরাষ্ট্রকে একটি অন্ধকার অধ্যায় থেকে সমৃদ্ধির স্বর্ণযুগে রূপান্তর করা হয়েছে। ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে দেশের সম্পদ বাজেয়াপ্ত করবে এবং অপরাধীদের ছেড়ে দেবে বলেও সতর্ক করেন তিনি।
ঐতিহাসিকভাবে মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দল আসন হারালেও এবার সিনেট ও প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন ট্রাম্প।
এর আগে সমাবেশে উদ্বোধনী ভাষণ দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি সমর্থকদের কোনো নীতিগত মতভেদের কারণে কট্টরপন্থী বা আমলাদের হাতে দেশ তুলে না দিয়ে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে ভোট দেওয়ার আহ্বান জানান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমাবেশের মধ্য দিয়ে মূলত ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভ্যান্সকে ট্রাম্পের উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করার একটি প্রক্রিয়া শুরু হলো।