![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তিনজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে; আরেকজন খুলনায়।
সরকারের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ৮৯৭ জনের মৃত্যু হলো। এর বাইরে ১০০ জন মারা গেছেন, যাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের (৭ সেপ্টেম্বর) বুলেটিনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় দেশে ৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৫৫ জন।
এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৫, বরিশালে ৫৬, ময়মনসিংহে ৭৫, খুলনায় ৩৭ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৫৬ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ভর্তি হয় ১ হাজার ১০২ জন।
ঢাকা বিভাগে ভর্তি হন ৩৫৬ জন, রাজশাহীতে ৩২, সিলেটে ১৫১, চট্টগ্রামে ২৪৯, বরিশালে ১৩৫, ময়মনসিংহে ৮৬, খুলনায় ৭৯ ও রংপুর বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হন ১৪ জন।
এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৫ হাজার ২৭০। তাদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন হাসপাতাল ছেড়েছেন।
দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০৪। আর হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৭৫৬ জনের। দেশে হামের পরীক্ষা হয় কেবল মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক নমুনা পরীক্ষা হয় সেখানে। সেই সীমিত পরীক্ষার ভিত্তিতে দেশে হামের সংক্রমণের সঠিক চিত্র পাওয়াটা সম্ভব নয়।