![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর দুমিয়াতে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাস সংরক্ষণের ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামব্রি।
বুধবার ঘটনার একটি প্রাথমিক মূল্যায়ন উদ্ধৃত করে প্রতিষ্ঠানটি এ হামলার কথা জানিয়েছে।
মিশরের পেট্রলিয়াম মন্ত্রণালয় দুমিয়াত বন্দরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছে, তবে ড্রোন হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক বন্দর ও জাহাজ ব্যবস্থাপনা কোম্পানি ইঞ্চকেপ পৃথক এক বার্তায় জানিয়েছে, দুমিয়াত বন্দরে দুটি গ্যাস ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঘটনার বিষয়ে অবগত তিনটি বাণিজ্যিক সূত্র জানিয়েছে, ড্রোনটি বন্দরে থাকা মার্কিন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট গ্যাস ট্যাঙ্কার এনার্জোস উইন্টার-এ আঘাত হানে। এতে ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। পরে আগুন পাশে থাকা বারমুডার পতাকাবাহী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনকারী ট্যাঙ্কার গ্যাসলগ সালেম-এ ছড়িয়ে পড়ে।
পৃথক দুই নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিস্ফোরণের মাধ্যমে যে আগুনের সূত্রপাত হয়েছে, সেটিকে ড্রোনের আঘাত হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। তাদের মতে, এ ঘটনা পশ্চিম এশিয়ার চলমান সংঘাত আরও বিস্তারের ইঙ্গিত হতে পারে।
তবে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।
এনার্জোস উইন্টারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ধারণক্ষমতা ১ লাখ ৩৮ হাজার ২৫০ ঘনমিটার। ট্যাঙ্কারটির মালিক যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এনার্জোস ইনফ্রাস্ট্রাকচার। এর প্রযুক্তিগত, নিরাপত্তা ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে উইলহেল্মসেন শিপ ম্যানেজমেন্ট, এটিও একটি মার্কিন প্রতিষ্ঠান।
মিশরের পেট্রলিয়াম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুমিয়াত বন্দরে একটি পুনঃগ্যাসীকরণ ইউনিট জাহাজ ও একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ জাহাজে আগুন লাগার পর অগ্নিনির্বাপন ও নিরাপত্তা দলের অনুমোদিত জরুরি পরিকল্পনার মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
বিবৃতিতে আরও বলা হয়, মিশরের পেট্রলিয়ামমন্ত্রী কারিম বাদাউই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। কারিগরি দলগুলো বর্তমানে ক্ষয়ক্ষতি ও ঘটনার প্রভাব মূল্যায়ন করছে।