সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শনিবার, ৬ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কোনো বাড়িতে জমে থাকা পানি পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

ডেঙ্গু প্রতিরোধে আবাসিক ও বাণিজ্যিক ভবন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিত করতে শিগগির অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি আরও জানিয়েছেন, কোনো বাড়িতে জমে থাকা পানি পাওয়া গেলেই জরিমানা করা হবে।

শনিবার সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ‘ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন ও জনসচেতনতামূলক র‍্যালি’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ২৮টি ওয়ার্ডের পরিস্থিতি গুরুতর, এসব এলাকায় পাওয়া ডেঙ্গু মশার লার্ভার ঘনত্ব অনেক বেশি।

তিনি বলেন, ‘প্রত্যেককে নিজ নিজ বাড়ি নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। গেটের ভেতরে যেন নারকেলের খোসায় বদ্ধ পানি না থাকে, ফুলের টবে যেন পানি না থাকে, যারা ছাদের উপরে বাগান করেছেন—টবে যেন পানি না থাকে, বাইরে রক্ষিত টয়লেট যদি অব্যবহৃত হয়, কমোড বা প্যানের ভেতরে যেন পানি না জমে থাকে। বাড়ির ভেতরের ড্রেনগুলোতে যেন পানি না জমে থাকে।’

জনসচেতনতায় আজ থেকে মাইকিং করা হবে, এবং আগামী দুই-তিন দিন পর থেকে মোবাইল টিম অভিযান শুরু করবে বলেও এ সময় জানান তিনি।

অনেকে বাড়িতে ঢুকতে দেয় না অভিযোগ করে সাখাওয়াত বলেন, ‘এটা করতে পারবেন না, ঢুকতে দিতে হবে দেশের সরকারকে। যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বন্ধ ল্যাট্রিনে পানি পাই, মোবাইল কোর্ট সাথে সাথে জরিমানা করবে এবং ব্যাপক হারে জরিমানা করা হবে।’

সবিনয় অনুরোধ করা হচ্ছে, র‌্যালি করা হচ্ছে, মাইকিং করা হবে, তারপরও যদি রাজধানীবাসী অসহযোগিতা করে, আইন প্রয়োগ করা ছাড়া সরকারের হাতে আর কোনো বিকল্প থাকবে না—বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠান অপরিচ্ছন্ন থাকলে ওই প্রতিষ্ঠানের প্রধানকে বড় আকারে ব্যক্তিগত জরিমানা করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠান যদি (অপরিচ্ছন্ন) পাওয়া যায়, ওই বেসরকারি প্রতিষ্ঠানের নামে বড় আকারে জরিমানা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: