![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
বাংলাদেশে হাম প্রতিরোধ কার্যক্রমে সহায়তা হিসেবে ১ লাখ ৭৫ হাজার ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
এই ‘মানবিক সহায়তার’ মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের মানুষ উপকৃত হবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইইউ বলেছে, তাদের এই তহবিল পাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এই অর্থের মাধ্যমে তারা চলমান টিকাদান কর্মসূচিগুলো অব্যাহত রাখার পাশাপাশি ‘হাইজিন কিট’ বিতরণের মত প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করবে।
সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে রোগজনিত আর্থিক চাপ, যেমন স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত খরচ কিংবা রোগীর পরিচর্যা করতে গিয়ে আয়ের ক্ষতি মোকাবিলায় নগদ অর্থ সহায়তাও দেওয়া হবে।
এছাড়া বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের পরিকল্পনাও এ কর্মসূচির অন্তর্ভুক্ত।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্থায়ন মূলত ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) ‘ডিজাস্টার রেসপন্স ইমার্জেন্সি ফান্ড’ বা ডিআরইএফতে ইইউর সামগ্রিক অবদানের একটি অংশ।
বাংলাদেশে মানবিক সহায়তার ক্ষেত্রে শীর্ষস্থানীয় দাতাদের অন্যতম ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশে কর্মরত বিভিন্ন অংশীদার সংস্থার জন্য চলতি বছর ইইউ ২ কোটি ৩০ লাখ ইউরোর বেশি অর্থ বরাদ্দ করেছে।
এর মধ্যে কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীর সহায়তার জন্য ১ কোটি ৬৪ লাখ ইউরো দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে বরাদ্দ করা হয়েছে আরও ৭০ লাখ ইউরো।