সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিএনপি প্রার্থীর অভিযোগের পর ইসলামী ব্যাংকের ৪ কোটি টাকার একটি লেনদেন স্থগিত

ডেইলি সিলেট ডেস্ক ::

বিএনপি প্রার্থীর অভিযোগের পর ইসলামী ব্যাংকের ৪ কোটি টাকার একটি লেনদেন স্থগিত সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ইসলামী ব্যাংক নাটোর শাখায় পাঠানো প্রায় চার কোটি টাকার একটি সন্দেহজনক লেনদেন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে লেনদেনটি স্থগিত রাখা হয়েছে।

নাটোর–২ আসনে বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার (দুলু) মঙ্গলবার বিকেলে শহরের নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, ঢাকা থেকে সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ইসলামী ব্যাংক নাটোর শাখায় সন্দেহভাজন একটি ব্যাংক হিসাবে প্রায় চার কোটি টাকা পাঠানো হয়। জানতে পেরে তিনি জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে ওই লেনদেন স্থগিত রাখার আবেদন করেন। অভিযোগ পেয়ে রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। পরে লেনদেনটি স্থগিত করা হয়।

রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ভোটের ঠিক এক দিন আগে এতগুলো টাকা উত্তোলনের বিষয়টি সন্দেহজনক। এই টাকা ভোট কেনাবেচার কাজে ব্যবহৃত হওয়ার আশঙ্কা আছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তিনি লেনদেনটি স্থগিত রাখা যুক্তিযুক্ত বলে মনে করেছেন।

ইসলামী ব্যাংক নাটোর শাখার কর্মকর্তা (এভিপি) রেজাউল করিম বলেন, চার কোটি টাকা লেনদেন ইসলামী ব্যাংকের জন্য তেমন কোনো বড় লেনদেন নয়। ভোটের সময় ব্যাংক বন্ধ থাকবে। তাই একটি এটিএম বুথের জন্য এসব টাকার চাহিদাপত্র দেওয়া হয়েছিল। এর মধ্যে সন্দেহের কিছু নেই।

সোনালী ব্যাংক নাটোর প্রধান শাখার কর্মকর্তা (এজিএম) উজ্জল কুমার বলেন, একটি লেনদেনের ব্যাপারে অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাদের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন বলেন, ইসলামী ব্যাংকের একটি লেনদেনকে একজন প্রার্থী সন্দেহজনক বলে অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: