![]()


হবিগঞ্জ সংবাদদাতা ::
হাওরাঞ্চলে নির্মিত প্রাথমিক বিদ্যালয়ের ভবন মাত্র তিন বছরের মাথায় হেলে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, “মাত্র তিন বছরে একটি ভবন কীভাবে হেলে পড়ে? অবকাঠামো নির্মাণে পরিবেশকে বিবেচনায় না নিলে এমন দুর্ভোগ ঘটবেই।”
রোববার (১৩ জুলাই) দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ডা. পোদ্দার আরও বলেন, “হাওড়ে একটি বিদ্যালয় তৈরি করবেন কিন্তু যদি তার সুরক্ষায় প্রয়োজনীয় বাঁধ না দেন, তবে ভবন তো হেলেই যাবে। ২০২২ সালে নির্মিত একটি স্কুল ভবন এখনই হেলে পড়েছে — এটি প্রমাণ করে নির্মাণের সময় সঠিক পরিকল্পনার অভাব ছিল।”
সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান, অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান এনডিসি, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি এবং সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. নুরুল ইসলাম।
সভায় বক্তারা হাওরসহ দুর্যোগপ্রবণ এলাকাগুলোর জন্য টেকসই ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি শিক্ষক ঘাটতি, শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষার মান উন্নয়নে অংশীজনদের সক্রিয় অংশগ্রহণে একটি সমন্বিত পরিকল্পনার আহ্বান জানান তারা।