সর্বশেষ আপডেট : ৯ মিনিট ২৪ সেকেন্ড আগে
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কপ৩১-এ অচলাবস্থা কাটল, নতুন জলবায়ু চুক্তির পথে অগ্রগতি

ডেইলি সিলেট ডেস্ক ::

তুরস্কের আনতালিয়ায় একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ৩১) অচলাবস্থা কাটিয়ে নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তির পথে অগ্রগতি হয়েছে।

রয়টার্স লিখেছে, জলবায়ু সম্মেলনে রোববার একটি নতুন সমঝোতা প্যাকেজ ঘোষণার মধ্য দিয়ে চূড়ান্ত চুক্তির চেষ্টা চালানো হচ্ছে।

বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় কীভাবে আরও অগ্রসর হওয়া যায়, সে বিষয়ে ঐকমত্যে পৌঁছতে নতুন প্যাকেজকে গুরুত্বপূর্ণ মনে করছে সম্মেলনের সভাপতি দেশ অস্ট্রেলিয়া ও তুরস্ক।

কপ৩১ সম্মেলনে আলোচনাসভার সভাপতি তুরস্কের মুরাত কুরুম শনিবার গভীর রাতে অনুষ্ঠিত পূর্ণাঙ্গ অধিবেশনে বলেন, “আমরা এমন একটি প্রস্তাব উপস্থাপন করেছি, যা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে বলেই বিশ্বাস।”

চুক্তিটি অনুমোদনের জন্য রোববার সকালে ফের সম্মেলনের অধিবেশন বসার কথা ঘোষণা করেন তিনি।

চূড়ান্ত চুক্তির লক্ষ্যে এর আগে শুক্রবার নির্ধারিত সময়সীমা পার হওয়ার পরও আলোচকরা সমঝোতায় পৌঁছতে পারেননি। শনিবারজুড়ে আলোচনা চললেও অচলাবস্থা না কাটায় তা রোববারের প্রথম প্রহর পর্যন্ত গড়ায়।

নতুন চুক্তির খসড়ায় আগের প্রস্তাবের কিছু সংশোধন আনা হয়েছে। আগের খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে কোনো পদক্ষেপের কথা না থাকায় অনেক দেশ লক্ষ্যের ঘাটতির অভিযোগ তোলেন।

মুরাত কুরুম বলেন, “জীবাশ্ম জ্বালানি নিয়ে উদ্বেগ এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে উন্নয়নশীল দেশগুলোকে অর্থায়ন সহায়তার বিষয়টি নতুন প্রস্তাবে বিবেচনায় নেওয়া হয়েছে।”

সম্মেলনে আলোচনার নেতৃত্বদানকারী অস্ট্রেলিয়া, আয়োজক দেশ তুরস্ক এবং বিশ্বের প্রায় ২০০টি দেশের প্রতিনিধিদলের মধ্যে নিবিড় আলোচনার পর নতুন খসড়াটি তৈরি করা হয়। এসব দেশের মধ্যে বিশ্বের ধনী-দরিদ্র, বৃহৎ ও ক্ষুদ্র অর্থনীতির দেশগুলো রয়েছে।

চুক্তির বিষয়ে কোনো আপত্তি থাকলে তা জানানোর জন্য প্রতিনিধিদল গুলোকে বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত সময় দেওয়া হয়। এরপর দুপুর ১২টার দিকে চুক্তি অনুমোদনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা।

বিবিসি লিখেছে, জীবাশ্ম জ্বালানির বৈশ্বিক চাহিদা হ্রাসের বিষয়ে কোনো উল্লেখ না থাকায় সর্বশেষ চুক্তির খসড়ার বিরোধিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র গুলোসহ কয়েকটি দেশ।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন কার্যক্রমের জন্য আরও অর্থায়নের নিশ্চয়তা চেয়েছে আফ্রিকান দেশগুলোর জোট। যদিও ইইউ আগেই জানিয়েছে, তারা এ ধরনের প্রস্তাব সমর্থন করবে না।

ইউরোপীয় কমিশনের জলবায়ুবিষয়ক কমিশনার ওয়াপক হুকস্ট্রা বলেন, “জলবায়ু কার্যক্রমের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো নিশ্চিত করতে না পারলে ইউরোপীয় ইউনিয়ন কোনো চুক্তিতে সম্মত হবে না।”

রয়টার্স লিখেছে, অস্ট্রেলিয়ার সামনে মূল চ্যালেঞ্জ ছিল—এমন একটি সমঝোতায় পৌঁছানো, যেখানে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর চাহিদার পাশাপাশি জীবাশ্ম জ্বালানি উৎপাদন ও ব্যবহারের ওপর নির্ভরশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য রাখা যায়। এ প্রচেষ্টায় তুরস্কও সহযোগিতা করছে।

এ বছরের জলবায়ু সম্মেলন এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা জানিয়েছে, প্রাক্‌-শিল্প যুগের তুলনায় বিশ্বের গড় তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করার পথে রয়েছে।

এক দশক আগে প্যারিস জলবায়ু সম্মেলনে (কপ২১) বিশ্বের সব দেশ বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে রাখতে সম্মত হয়েছিল।

রয়টার্স লিখেছে, এ সীমা ছাড়িয়ে গেলে চরম আবহাওয়াজনিত দুর্যোগের প্রভাব আরও তীব্র হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

এদিকে সময়মতো চুক্তি চূড়ান্ত না হওয়ায় রোববার সকালে নিজ দেশে ফেরার কথা ছিল, এমন আলোচকরা তাদের ফ্লাইট সোমবারে পিছিয়ে নিয়েছেন।

জাতিসংঘের জলবায়ু আলোচনার প্রক্রিয়া অনুযায়ী, যেকোনো চুক্তির জন্য সব দেশের ঐকমত্য হওয়া প্রয়োজন।

দেশগুলো ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হলে আলোচনা স্থগিত এবং কোনো চুক্তি ছাড়াই সম্মেলন শেষ হবে। ফের আলোচনা হবে আগামী বছরের জলবায়ু সম্মেলনে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: