![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
আওয়ামী লীগ শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন আইনজীবী তাসলিমা জাহান পপি।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি সাক্ষ্য দেন। পরে তাঁকে জেরা করেন প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম।
জিয়াউল আহসানের পক্ষে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও তাঁর বোন আইনজীবী নাজনীন নাহার।
পরে গণমাধ্যমকে নাজনীন বলেন, “আর কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করা হবে না। তা জানার পর ট্রাইব্যুনাল আগামী ২৪ নভেম্বর এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করেছেন। সেদিন রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবেন।”
নিজের আইনজীবী পরিচয় তুলে ধরে সাক্ষ্যে তাসলিমা জাহান পপি ট্রাইব্যুনালকে বলেন, ‘‘নিম্ন আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলাসহ একাধিক মামলায় তিনি জিয়াউল আহসানের আইনজীবী হিসেবে নিয়োজিত আছেন। তবে ট্রাইব্যুনালের মামলায় তাঁকে দায়িত্ব দেওয়া হয়নি।’’
সাফাই সাক্ষী পপি জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য হিসেবে একগুচ্ছ নথিপত্র এবং একটি পেনড্রাইভে ভিডিও দাখিল করেন।
এর মধ্যে ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে র্যাবের অভিযান ও গুলিতে নিহতের ঘটনায় দৈনিক প্রথম আলো ও বাংলাভিশনে প্রকাশিত সংবাদের অনুলিপি, র্যাব গোয়েন্দা শাখার প্রতিবেদন, লেফটেন্যান্ট কর্নেল জুলফিকারের বিরুদ্ধে অভিযোগের কপি, মেজর শিবলী মোহাম্মদ সাদেকের আচরণ সম্পর্কিত চিঠি, সেনা সদরের প্রতিবেদন, যৌথ গোয়েন্দা সভার নোটিশ এবং ঢাকা-গাজীপুর এলাকার গুগল মানচিত্রের অনুলিপি আছে বলে জানান পপি।
আমিনুল ইসলামের জেরায় তাসলিমা জাহান পপি বলেন, ‘‘জিয়াউল আহসানের স্ত্রী মামলা পরিচালনার জন্য বিভিন্ন মাধ্যমে এসব কাগজপত্র ও ভিডিও তাঁর কাছে পাঠিয়েছেন।’’
তবে কাগজপত্র সরবরাহ করার সময় জিয়াউল আহসানের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি দাবি করে তিনি বলেন, কী কী মাধ্যমে সেগুলো পেয়েছেন, তা তাঁর মনে নেই।
দাখিল করা কাগজপত্র সঠিক কি না, তা ব্যক্তিগতভাবে যাচাই করেননি এবং পেনড্রাইভে দাখিল করা ভিডিওগুলো দেখেননি বলেও জেরায় বলেন পপি। জেরার একপর্যায়ে তাঁর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যে অসংগতি থাকার বিষয়টিও উঠে আসে।
আওয়ামী লীগের শাসনামলে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার তিনটি অভিযোগ এনে গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রধান কৌঁসুলির কার্যালয়।
শুনানির পর ওই দিনই তা আমলে নেন ট্রাইব্যুনাল। পরে ১৪ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
জিয়াউল আহসান টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদলের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৬ আগস্ট তাঁকে চাকরিচ্যুত করা হয়। ওই বছরের ১৬ আগস্ট তাঁকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ।