সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৮০ কারখানায় সাধারণ ছুটি

ডেইলি সিলেট ডেস্ক ::

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আজও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৮০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার দুপুরে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনরত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।
শিল্প পুলিশ জানায়, সকালে আশুলিয়ার জিরাবো-বিসমাইল সড়কের কাঠগড়া এলাকায় বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর বেলা পৌনে ১১টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধের চেষ্টা করেন।

এ সময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কিছু কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

অবস্থার অবনতি দেখে নরসিংহপুর, জিরাবো, কাঠগড়া এলাকার শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ, ট্রাউজার লাইন, ভিনটেক্স ফ্যাশন, এ্যালায়েন্স নিট কম্পোজিট, রাতুল অ্যাপারেলস, অরুনিমা স্পোর্টস ওয়ার, রেডিয়ান্স গ্রুপ, সাউদার্ন গার্মেন্টস লিমিটেড, এবিসি লেদারসহ ৮০টি কারখানা এক দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।

পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করতে বাধ্য হয়। পরবর্তীতে দুপুরের দিকে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়।

তিনি বলেন, ‘‘শ্রমিকদের টানা কর্মবিরতি ও অসন্তোষের মুখে নিরাপত্তার স্বার্থে আশুলিয়া ও সাভার শিল্পাঞ্চলের অন্তত ৮০টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় ১১টি কারখানা আজও বন্ধ রয়েছে। এ ছাড়া ছুটি রয়েছে আরও দুটি কারখানায়।’’

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বেশ কিছুদিন ধরেই শিল্পাঞ্চলে আন্দোলন চালিয়ে আসছেন পোশাক শ্রমিকরা। কয়েক সপ্তাহের চলমান এই অস্থিরতায় পুলিশের যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে শ্রমিকদের পাশাপাশি বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এসব ঘটনায় করা একাধিক মামলায় ইতোমধ্যে বেশ কয়েকজন শ্রমিক ও শ্রমিক ফেডারেশনের নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় পিজিসিএল নামের পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানা পরিদর্শন করেছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। এ সময় তিনি শ্রমিকদের সঙ্গেও কথা বলেন।

গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, ‘‘সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেন। কিন্তু কাঠগড়া এলাকার কিছু কারখানার শ্রমিক বাইরে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন।’’

তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। অবস্থার বেগতিক দেখে জামগড়া, নরসিংহপুর, জিরাবো, কাঠগড়া এলাকার বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: