![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
রাজধানীর আজিমপুর এলাকায় একটি বাসায় ‘গোপন বৈঠক’ করার সময় সদ্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাতে স্থানীয়দের সহায়তায় পুলিশ ওই অভিযান চালায়। রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) এবং মো. মফিজুল ইসলাম (৫০)। এদের মধ্যে সোহরাব হোসেন কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলম একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। বাকি দুজন রাসেল ও মফিজুল ওই ইউনিয়ন কমিটির সদস্য।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গত শুক্রবার (১৩ নভেম্বর) আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে একটি ঝটিকা মিছিল বের করা হয়েছিল। গ্রেপ্তার হওয়া এই চার নেতা ওই মিছিলের অন্যতম আয়োজক ছিলেন এবং তারা সেখানে সক্রিয়ভাবে অংশ নেন।
মিছিলের পরদিন শনিবার রাতে আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় সোহরাব হোসেন সুমন মিয়ার বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠকে বসেন ওই চার নেতা। সেখানে তাদের উপস্থিতির বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে লালবাগ থানা পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
ডিএমপি কর্মকর্তা মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।