সর্বশেষ আপডেট : ২০ মিনিট ২৮ সেকেন্ড আগে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যুক্তরাষ্ট্র জুড়ে সব ফ্লাইট উড্ডয়ন সাময়িক বন্ধ ঘোষণা

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাড মিনিস্ট্রেশন (এফএএ)। সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্র জুড়ে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ করা হলো। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে এফএএ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সব ফ্লাইটের উড্ডয়ন দুই ঘণ্টারও কম সময়ের জন্য বন্ধ রেখেছিল।

এফএএর নির্দেশ অনুযায়ী, আকাশে থাকা উড়োজাহাজগুলো গন্তব্যে অবতরণ করতে পারবে। তবে বিমানবন্দর থেকে নতুন কোনো ফ্লাইট উড্ডয়ন করতে পারবে না। ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, দেশটির সব বিমানবন্দরের জন্য দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশ দিয়েছে এফএএ। এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলোতে যোগাযোগের সমস্যার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এফএর প্রযুক্তিবিদেরা সমস্যাটি খতিয়ে দেখছেন। পরিস্থিতির বিষয়ে নতুন তথ্য পাওয়া মাত্র জানানো হবে।

এর আগে শিকাগোতে বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল এফএএ। বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটি তখন জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখতে হবে। আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ে প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানায় তারা।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় দীর্ঘদিন ধরেই নানা সমস্যা চলছে। পুরোনো যন্ত্রপাতি, যোগাযোগ ব্যবস্থার ত্রুটি এবং নিয়ন্ত্রককর্মীর সংকটের কারণে এ খাত চাপে রয়েছে। পুরোনো অবকাঠামো বদলে আধুনিক ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে এফএএ।

গত বছর এ কাজের জন্য কংগ্রেস ১২৫০ কোটি ডলার বরাদ্দ দিয়েছিল। তবে শুক্রবার এফএএ ও হোয়াইট হাউস আইনপ্রণেতাদের কাছে আরও ৩০১০ কোটি ডলার বরাদ্দ চেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: