![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
চলমান শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ রোববার (৮ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল ও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। এ ছাড়া, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক লাইভ ফুটেজ ও প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের এই নিরাপত্তা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।