সর্বশেষ আপডেট : ২১ মিনিট ৫৫ সেকেন্ড আগে
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ডিসেম্বরে এনটিআরসিএ’র নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা, পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন

ডেইলি সিলেট ডেস্ক ::

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। এবারের নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনতে যাচ্ছে কর্তৃপক্ষ। এবারই প্রথম শুধু যোগ্যতার সনদ দেওয়ার পরিবর্তে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কারণে আগের ধারাবাহিকতায় এটি ১৯তম শিক্ষক নিবন্ধনের বদলে ‘নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা’ হিসেবে বিবেচিত হবে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নতুন পদ্ধতিতে প্রার্থীদের প্রিলিমিনারির পাশাপাশি লিখিত পরীক্ষাও দিতে হতে পারে। সব মিলিয়ে তিনটি ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক। প্রিলিমিনারি পরীক্ষা হবে ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ)। এক ঘণ্টার এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ের প্রতিটিতে ২৫ নম্বর করে থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর মিলবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক ২৫ নম্বর। এই ধাপে পাস নম্বর ধরা হয়েছে ৪০ শতাংশ।

প্রস্তাবিত নিয়মে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন, যার সময় নির্ধারণ করা হয়েছে তিন ঘণ্টা। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্তভাবে ২০ নম্বরের মৌখিক বা ভাইভা পরীক্ষায় অংশ নিতে হবে। তবে পরীক্ষা পদ্ধতি, নম্বর বণ্টন ও সিলেবাসের এসব বিষয় বিধিমালা সংশোধনের পরই চূড়ান্ত করা হবে।

বর্তমানে এনটিআরসিএ-এর অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে, যা আগামী ৯ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। এই পরীক্ষা শেষ হওয়ার পরই ডিসেম্বরের মধ্যে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। তবে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পেলেই পরীক্ষার বিষয়ে আনুষ্ঠানিক ও চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালের ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং দীর্ঘ চার মাস পর ২০২৪ সালের মার্চে এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার দীর্ঘ সময় পেরিয়ে নতুন আঙ্গিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন হতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: