![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেছেন, তার ওপর ইতালির ভেনিসে যে হামলা ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে সেটি নিয়ে অভিযুক্তদের বিষয়ে মামলা করতে থানায় যাচ্ছেন।
তিনি বলেছেন, আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়বো।
সোমবার রাতে ইতালির ভেনিসে বাংলাদেশের চলচিত্র অভিনেত্রীকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এই ঘটনার পরই রাতেই ফেসবুক পোস্টে এ নিয়ে বিস্তারিত জানান তিনি।
ওই ঘটনার পর মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানও জানিয়েছেন অভিনেত্রী বাঁধনকে লাঞ্ছিতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
বর্তমানে ভেনিসেই আছেন বাঁধন। মঙ্গলবার দুপুরে বাঁধন নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে বলেন, আমি আমার মাথা কখনো নত করিনি। আর সেটা করতে ভুলেও গেছি। আমাকে ভেঙে ফেলা এত সহজ না।
তিনি বলেন, আমাকে এখানকার পুলিশ অনেক হেল্প করেছে। গতকাল রাতে আমাকে একটা নিরাপদ জায়গায় তারা পৌঁছে দিয়েছে। আজকে আমাদের অ্যাম্বাসেডর (ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত) ফোন করেছেন। ওনার অফিস থেকে লোক আসছে। ওনাদের সাথে আমি থানায় যাচ্ছি কেস ফাইল করতে। যেহেতু আমাদের কাছে সমস্ত এভিডেন্স আছে। আমরা অলরেডি অনেক জনকে আইডেন্টিফাই করেছি, যোগ করেন তিনি।
বাঁধন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী অফিস থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে। প্রত্যেকটা মানুষই গতকাল থেকে যেভাবে আমাকে সাপোর্টটা করেছেন, আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি মনে করি আমি একজন গর্বিত বাংলাদেশি।