সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ১৫ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

ডেইলি সিলেট ডেস্ক ::

খুলনা নগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গুলির ছররা লেগে একজন সাংবাদিক সামান্য আহত হয়েছেন। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে এমইউজে খুলনা। একই সঙ্গে খুলনার বিভিন্ন সাংবাদিক সংগঠন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী এক পথচারী বলেন, ‘‘প্রতিদিন রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত ওই স্থানে কয়েকজন সাংবাদিক কাজ শেষে আড্ডা দেন। মঙ্গলবার রাতেও সেখানে এমইউজে খুলনার কোষাধ্যক্ষ ও এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ, দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবীরসহ পাঁচ থেকে ছয়জন সাংবাদিক গল্প করছিলেন।’’

এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। একটি গুলি পাশের একটি টুলের পায়ায় বিদ্ধ হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান উপস্থিত সাংবাদিকরা। তবে গুলির ছররা লেগে সাংবাদিক আওয়াল শেখ সামান্য আহত হন।

রকিবুল ইসলাম মতি বলেন, ‘‘রাতে আমরা কয়েকজন সাংবাদিক সেখানে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ মোটরসাইকেলে আসা দুই যুবক আমাদের লক্ষ্য করে গুলি চালান। একটি গুলি টুলে বিদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে।’’

সৈয়দ রানা কবীর বলেন, ‘‘দুর্বৃত্তদের ছোড়া গুলিটি টুলে লাগে। এর ছররা সাংবাদিক আওয়াল শেখের বুকে লেগে সামান্য ক্ষত হয়। তিনি বর্তমানে সুস্থ আছেন।’’

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘‘ঘটনাস্থল থেকে গুলির আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। কী কারণে গুলির ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’’

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে যৌথ বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতারা। বিবৃতিতে স্বাক্ষর করেন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহসভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত।

পৃথক বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহসভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘‘গুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিকদের লক্ষ্য করে এ ধরনের হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য চরম হুমকি। যারা এ হামলার সঙ্গে জড়িত, তারা আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতার শত্রু। সাংবাদিকরা যদি নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকেন, তাহলে মুক্ত সাংবাদিকতার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।’’

তারা আরও বলেন, ‘‘অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে খুলনা মহানগরীতে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: