![]()


প্রবাস ডেস্ক ::
গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক, গোলাপগঞ্জ এক্সিল্যান্স অ্যাওয়ার্ড-২০২৬ এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রোববার পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ব্রিটিশ পার্লামেন্টের বাঙালি এমপি, শিক্ষক, সাংবাদিক, গবেষক, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মীসহ কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ তামজিদ কাদির। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং পরিচালনা করেন নির্বাচন কমিশনার সায়াদ আহমেদ সাদ।
এ সময় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার সেলিম উদ্দিন চাকলাদার, নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ দিলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার ও কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলুসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে নির্বাচন কমিশনারবৃন্দ ইসি ও বোর্ড অব ডিরেক্টরের ৪১ জন সদস্যকে ফুল দিয়ে বরণ করেন।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় গোলাপগঞ্জ এক্সিল্যান্স অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ দিলওয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার।
কমিউনিটিতে অনবদ্য অবদান ও মানবিক কল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সফল ব্যবসায়ী সালেহ আহমদ খান, উদ্যোক্তা ও সমাজসেবক হারুন মিয়া এবং আইনজীবী অরিন বেগমকে গোলাপগঞ্জ এক্সিল্যান্স অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের পপলার লাইমহাউজ আসনের সদস্য আফসানা বেগম এমপি।