![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা নির্ধারিত সময় শেষ হওয়ার পরও নিষেধাজ্ঞা ভেঙ্গে প্রচারণা করায় টাঙ্গাইলের সখিপুরের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের হরিণ প্রতীকের দুই সর্মথককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে হরিণ প্রতীকের লিফলেট উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা তাদের টাকা বিতরণের অভিযোগ এনে আটকে পুলিশকে খবর দেয়।
বুধবার (১১ ফেব্রুয়ার) সকালে সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের চার নম্বর কচুয়া ওয়ার্ড এরাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের তথ্যমতে, বুধবার সকালে টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখিপুর) আসনের স্বতন্ত্র হরিণ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আলমগীরের চারজন সমর্থক কচুয়া এলাকায় লিফলেটের সঙ্গে টাকা বিতরণ করছেন বলে অভিযোগ ওঠে। স্থানীয়রা তাদের আটকে দেয়। তবে টাকার ব্যাগ থাকা দুজন পালিয়ে যায়। তবে লিফলেটসহ দুজন আটকা পড়ে। স্থানীয়রা পুলিশে সোর্পদ করে। নিষেধাজ্ঞা ভঙ্গ করে প্রচারণার দায়ে আটক সাবর আলী ও হযরত আলী নামে দুই ব্যক্তির প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অনাদায়ে পাঁচদিনের কারাদণ্ড দিয়েছেন নির্বাচনের মাঠে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালত। তবে তারা জরিমানা পরিশোধ করে ছাড়া পান।
টাঙ্গাইলের সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল রনী বলেন, প্রচারণার নির্ধারিত সময় শেষ হওয়ার পরও প্রচারণা করছিলেন তারা। হরিণ প্রতীকের দুজনকে ভ্রাম্যমাণ আদালত অনাদায়ে পাঁচদিনের কারাদণ্ড দিয়েছিল। প্রচারণা প্রমাণ হিসেবে তাদের কাছে লিফলেট ছিল।
টাঙ্গাইল জেলা পুলিশের সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা একটি দোকানে দুজনকে লিফলেট হাতে পেয়েছিলাম। ভ্রাম্যমান আদালত তাদের অনাদায়ে কারাদণ্ড দিয়েছিল। তারা জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পেয়েছেন।