সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শফিকুর রহমানের নারীবিদ্বেষী পোস্টের প্রতিবাদে ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেইলি সিলেট ডেস্ক ::

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নারীবিদ্বেষী পোস্টের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বিক্ষোভ করেছেন। রোববার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন প্রতিবাদকারীরা। এ সময় বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করা হয়।

‘কর্মজীবী নারীদের অপমানের প্রতিবাদে ঝাড়ু মিছিল’ লেখা ব্যানারে আয়োজিত এই সমাবেশে ছাত্র ফেডারেশনের নেত্রী সীমা আক্তার বলেন, “বাংলাদেশে এখন নারীদের অধিকার নিয়ে কথা বললেই অনলাইনে বুলিং করা হয়। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ফেইক ও বট আইডির মাধ্যমে নারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণ চালাচ্ছে।”

শনিবার শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্টে জামায়াতে ইসলামে নারী নেতৃত্ব এবং কর্মজীবী নারীদের ভূমিকা নিয়ে দেওয়া বক্তব্যের কারণে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এরপর রাতে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। জিডিতে অভিযোগ করা হয়, শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স হ্যান্ডেল ‘হ্যাক করে’ ওই পোস্টটি দেওয়া হয়েছে।

তবে আইডি হ্যাক হওয়ার এই দাবিকে প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ। তিনি বলেন, “জামায়াত আমিরের বক্তব্যকে আইডি হ্যাক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জনগণের সামনে এর প্রমাণ দিতে হবে।”

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থী সুস্মিতা সরকার বলেন, “এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ধারাবাহিকভাবে এমন বক্তব্য দেওয়া হচ্ছে, যেগুলো ক্ষমার যোগ্য নয়।” তিনি আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে এর জবাব দেওয়ার আহ্বান জানান।

সমাবেশ থেকে জামায়াতে ইসলামীর আমিরের প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি প্রতিবাদকারীরা নারীর শ্রমের সম্মান নিশ্চিত করা এবং ‘বেশ্যাকরণ প্রথার বিলুপ্তির’ দাবিও তোলেন।

এর আগে একই দিনে দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলও শফিকুর রহমানের নারীবিদ্বেষী পোস্টের প্রতিবাদে আলাদা বিক্ষোভ কর্মসূচি পালন করে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: