![]()


কুলাউড়া প্রতিনিধি :
শীতের তীব্রতায় যখন নিম্নআয়ের মানুষের জীবন দুর্বিষহ, ঠিক তখন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল বিএনপি নিউ জার্সি স্টেট নর্থ ইউএসএ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে কুলাউড়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বিএনপি নিউ জার্সি স্টেট নর্থ ইউএসএর উদ্যোগে এবং সৈয়দ রাশিদ আলি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সোমবার (১৯ জানুয়ারী) বিকেলে কুলাউড়া ডাক বাংলো মাঠে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সৈয়দ রাশিদ আলি ফাউন্ডেশনের উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক মুক্তাদির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আতিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ রাশিদ আলি ফাউন্ডেশনের সভাপতি ও বিএনপি নিউ জার্সি স্টেট নর্থের সভাপতি সৈয়দ জুবায়ের আলী। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জুবায়ের আলী বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বলেন, “শহীদ জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ভিত্তি শক্ত করেছিলেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন মানুষের অধিকার, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ থেকেই বিএনপি আজও মানুষের পাশে দাঁড়ায়। এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সেই মানবিক রাজনীতিরই ধারাবাহিকতা।” তিনি আরও বলেন, “প্রবাসে থেকেও বিএনপি নিউ জার্সি স্টেট নর্থ ইউএসএ দেশের অসহায় মানুষের কথা ভুলে যায়নি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমেদ চৌধুরী, সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার পরিচালক মাহফুজ আহমদ, মহিলা দল নেত্রী ইতি, কুলাউড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: মছব্বির আলী, দৈনিক গণকণ্ঠ জেলা প্রতিনিধি সৈয়দ মিছবাহ, দৈনিক দেশের কণ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, সাংবাদিক শামসুদ্দিন বাবু, জামাল হোসেন তারেক, মাহফুজুর রহমান মাহি, আজিজুল ইসলাম, কামরুজ্জামান জুয়েল, আব্দুল জব্বার বাহার, নাইমুল ইসলাম, রহমান তারেক, রেজাউল ইসলাম শাফী, মো. তাহমিদুর রহমানসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দান নয়, এটি মানবিক দায়িত্ব। বিএনপি সবসময় মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকেছে এবং আগামীতেও থাকবে। রাজনীতি মানেই শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের মুখে হাসি ফোটানো।”
বক্তারা আরও বলেন, প্রবাসী নেতাদের এমন উদ্যোগ দেশীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে এবং সমাজে মানবিকতা ও সহমর্মিতা জাগ্রত করছে। অনুষ্ঠানে শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় ভূমিকা রাখে মুক্ত স্কাউট ও গ্লোবাল রেড লাইফ লাইন ব্লাড সাপোর্ট সদস্যরা।