![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
নিউইয়র্ক শহরের ব্রুকলিন ব্রিজে সজোরে আঘাত হানে মেক্সিকোর নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ। এতে ১৯ জন আহত হয়েছেন যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে মার্কিন পুলিশ ও মেক্সিকোর নৌবাহিনী।
স্থানীয় সময় শনিবার (১৭ মে) রাত ৮টা ২৬ মিনিটের দিকে পালতোলা প্রশিক্ষণ জাহাজটি ব্রুকলিন ব্রিজের নিচের অংশে আঘাত হানে বলে সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগের একজন মুখপাত্র। নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানান, এই দুর্ঘটনায় মোট ১৯ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা ‘গুরুতর’। খবর সিএনএনের।
মেক্সিকান নৌবাহিনী এক্স-এ (সাবেক টুইটার) স্প্যানিশ ভাষায় প্রকাশিত এক পোস্টে জানায়, ‘নিউইয়র্কে কুয়াউহতেমোক পালতোলা জাহাজ ফিরে যাওয়ার সময় ব্রুকলিন ব্রিজের সঙ্গে একটি ঘটনা ঘটে, যা প্রশিক্ষণ জাহাজটিকে ক্ষতিগ্রস্ত করে এবং সাময়িকভাবে প্রশিক্ষণ ক্রুজের অগ্রগতি থামিয়ে দেয়।’
পোস্টে আরও বলা হয়, ‘নৌবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ কর্মীদের ও ক্ষয়ক্ষতির অবস্থা পর্যালোচনা করছে এবং সহায়তা দিচ্ছে।’
নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, তারা ব্রুকলিন ব্রিজের নিচের ঘটনার জবাবে উদ্ধার কাজ করছে। এক্স-এ প্রকাশিত এক বার্তায় সংস্থাটি জানায়, ‘পরিস্থিতি এখনো চলমান এবং বিস্তারিত তথ্য এখনো নিশ্চিতভাবে পাওয়া যায়নি।’