![]()


প্রবাস ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘রেনেসাঁ কালচারাল গ্রুপ অব মিশিগান’ ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেছে। সম্প্রতি মিশিগানের ওয়ারেন সিটির একটি মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ শিল্পী সমাবেশে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে শিল্পী শফিকুল ইসলাম রুবেল পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন, সহকারী পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন সুলায়মান আল মাহমুদ ও শিল্পী ইয়াসিন রাহিন। এছাড়া শিল্পী কয়েছ আহমেদ কোষাধ্যক্ষ, শিল্পী নোমান চৌধুরী শিশু বিভাগ পরিচালক এবং শিল্পী আবুল আলা চৌধুরী সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
২০১০ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে মিশিগানে সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করছে এবং অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
শিল্পী সমাবেশে সভাপতিত্ব করেন রেনেসাঁর নবনির্বাচিত পরিচালক শিল্পী শফিকুল ইসলাম রুবেল এবং পরিচালনা করেন সহকারী পরিচালক হাফেজ মিনহাজ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) নর্থ জোনের প্রেসিডেন্ট নেছার উদ্দীন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটির নাম ঘোষণা করেন মুনা নর্থ জোনের কালচারাল ও মিডিয়া ডিরেক্টর সাহেদুল ইসলাম।
অনুষ্ঠানে শিল্পী হাফেজ কাশেম আল মামুন কুরআন তিলাওয়াত করেন এবং শিল্পী সামছুল আলম ইসলামী সংগীত পরিবেশন করেন।
সমাবেশে অতিথিবৃন্দ বলেন, মিশিগানে সুস্থ সংস্কৃতির বিকাশে রেনেসাঁ কালচারাল গ্রুপ অগ্রণী ভূমিকা পালন করছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল ও সমৃদ্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন।