![]()



জামালপুরের ইসলামপুরের কান্দারচরের একটি ব্রিজের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৯শ কেজি চাল উদ্ধার করেছে ডিগ্রিরচর ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) গভীর রাতে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর বাজারের ফকিরপাড়া ব্রিজের দক্ষিণ পাশ থেকে চালগুলো উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ডিগ্রিরচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. দেলুয়ার হোসেন।
এসআই মো. দেলুয়ার হোসেন বলেন, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন স্যার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কান্দারচর বাজার এলাকায় কিছু চালের বস্তা পড়ে আছে। পরে বিষয়টি আমাকে জানালে ফোর্স নিয়ে উদ্ধার অভিযানে যাই। কান্দারচর বাজারের ফকিরপাড়া ব্রিজের দক্ষিণ পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৫০ কেজি উজনের ১৮ বস্তা চাল উদ্ধার করি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কালোবাজারিরা চালগুলো তাদের গন্তব্যে নেওয়ার পথে পুলিশের কথা শুনে এখানে ফেলে রেখে গেছে। চালগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির হতে পারে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।সূত্র : বাংলা ট্রিবিউন